
শেষ আপডেট: 23 August 2023 08:32
দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর ঘটনার পরই নড়েচড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা থেকে শুরু করে নিয়মকানুনের ক্ষেত্রে বদল আনা হচ্ছে। তারমধ্যেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন বুদ্ধদেব সাউ। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছিলেন, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানো নিয়ে চিন্তাভাবনা হবে (CCTV camera installed in Jadavpur university campus)। বুধবার জানা গেল, কর্তৃপক্ষের থেকে সিসি ক্যামেরার বসানোর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে।
কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো হবে? উপাচার্যের কথায়, মেন হস্টেল ও অন্যান্য হস্টেলের মেন গেটে সিসি ক্যামেরা বসবে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো হবে। এই নিয়ে ওয়েবেলের সঙ্গে যোগযোগ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নির্দেশিকা অনুযায়ী ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর কথা। কিন্তু যাদবপুর কর্তৃপক্ষের দাবি, চেষ্টা করেও বসানো যায়নি এতদিন। বৈঠকে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব উঠলেও তা নিয়ে আপত্তি ওঠে। তাই শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। যা নিয়ে তোলপাড় গোটা ক্যাম্পাস। মৃতের পরিবার, থানায় খুনের অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে একের পর বিস্ফোরক তথ্য।
তারমধ্যেই ওঠে সিসি ক্যামেরার দাবি। এই নিয়ে বুদ্ধদেববাবু দায়িত্ব নিয়ে বলেছিলেন, 'নজরদারির প্রয়োজন রয়েছে অবশ্যই। কিন্তু শুধু সিসি ক্যামেরার নজরদারি যথেষ্ট নয়।' তারপরই দেখা গেল সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: 'দায়িত্বশীল সরকারের রাজ্যপাল হিসেবে আমি আনন্দিত', ব্রাত্যকে পাল্টা কটাক্ষ বোসের