
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 February 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই-র (CBSE) দশম শ্রেণির কোনও একটি বিষয়ে পাশ করতে না পারলে বছর নষ্ট হওয়ার ভয় আর থাকবে না। যদি কোনও পরীক্ষার্থী এক থেকে পাঁচটি বিষয়ে পাশ মার্কস নাও পাই, তাহলে সংশ্লিষ্ট বছরে তাকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।
ছাত্রছাত্রীদের একটি বছর যাতে নষ্ট না হয়ে যায়, তাই জাতীয় শিক্ষানীতির প্রস্তাব মেনে এমন পরিকল্পনা নিয়েছে সিবিএসই। ইতিমধ্যে খসড়াও তৈরি হয়েছে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী ৯ মার্চ পর্যন্ত খসড়া প্রস্তাবের ওপর মতামত জানাতে পারবে এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষ। তারপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।
প্রকাশিত খসড়ার প্রস্তাব অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে প্রথমবার পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশ করতে হবে ২০ এপ্রিলের মধ্যে। যাঁরা এক থেকে পাঁচটি বিষয়ে পাশ মার্কস নম্বর পাবে না, বা কম নম্বর পেয়েছে ভেবে ফের পরীক্ষায় বসতে চায়, তাদের জন্য মে মাসের শুরুতে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে। ৩০ মে'র মধ্যে ফল প্রকাশ করতে হবে।
খসড়া প্রস্তাবে এও বলা হয়েছে, দ্বিতীয় পরীক্ষার পর ছাত্রছাত্রীদের হাতে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। তার আগে পর্যন্ত এই রেজাল্ট ডিজি লকারে আপলোড করা থাকবে।
এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে শিক্ষক মহলের মধ্যে থেকে। একাংশের মতে, এর ফলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। আর একটি অংশের মতে, এতে শিক্ষার মানের অবনতি হবে।
দিল্লির মাউন্ট আবু পাবলিক স্কুলের অধ্যক্ষ জ্যোতি অরোরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। “আমি জাতীয় শিক্ষা নীতির সুপারিশের সাথে সঙ্গতি রেখে সিবিএসই-এর দুইবার বোর্ড পরীক্ষার এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এর ফলে জয়েন্টের পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের সুবিধে হবে।" দিল্লির সরকারি স্কুলশিক্ষক বৈশালি গেহলট অবশ্য মনে করেন, এতে মূল্যায়নের মান ক্ষতিগ্রস্ত হবে।