
সিবিআই।
শেষ আপডেট: 21 August 2024 00:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় আদালতের নির্দেশে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে ঘটনার তদন্তে দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল। একাধিক ছোট ছোট টিমে ভাগ হয়ে ডাক্তারি ছাত্রী খুনের রহস্য কিনারায় নেমেছেন তদন্তকারীরা।
এরই মাঝে সোশ্যাল মাধ্যমে ঘুরছে সিবিআইয়ের একটি চিঠি। যে চিঠিতে আকাশ নাগ নামে একজন ব্যক্তি নিজেকে সিবিআইয়ের ডিআইজি হিসেবে পরিচয় দিয়েছেন। শুধু তাই নয় 'সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অফিস, দুর্নীতি দমন শাখা, কলকাতা' এর কলকাতার অফিসিয়াল ব্যানার ব্যবহার করে ডাক্তারি ছাত্রী খুনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে সম্বোধন করে বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে সিবিআইয়ের তরফে জানানো হল, এটা সম্পূর্ণ জাল চিঠি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এও জানানো হয়, ছাত্রী খুনের ঘটনাটি সরাসরি দিল্লির সদর অফিস থেকে পরিচালনা করা হচ্ছে। তাছাড়া আকাশ নাগ বলে সিবিআইয়ের ডিআইজি পোস্টের কোনও অফিসারও নেই। চিঠির বিষয়বস্তুও সম্পূর্ণ অসত্য।
তদন্তকারী সংস্থার তরফে জনগণকে এই ধরনের ভুয়ো চিঠি উপেক্ষা করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, সিবিআই সমস্ত নিয়ম মেনে পুঙ্খানুপুঙ্খ পেশাদারিত্বের সঙ্গে মামলার তদন্ত পরিচালনা করে। অর্থাৎ তদন্তের কোনও তথ্য বাইরে প্রকাশ হওয়ার কোনও সম্ভাবনা নেই।