
শেষ আপডেট: 20 April 2024 15:32
দ্য ওয়াল ব্যুরো: ফের সন্দেশখালিতে গেল সিবিআই। শনিবার সকালে সিবিআইয়ের ১০ সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালিতে পৌঁছয়। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ শুনতে গ্রামবাসীদের বাড়িতে যান তদন্তকারীরা। দুটি দলে ভাগ হয়ে এলাকা ঘুরে দেখছেন তাঁরা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। এরপরই বেশ কয়েকবার এলাকার যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় এসেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবারও জমি দখলের তদন্তের প্রয়োজনে সন্দেশখালিতে পৌঁছে যান সিবিআইয়ের একটি টিম। স্থানীয় সূত্রের খবর, সিবিআইয়ের দুটি দল সন্দেশখালি গ্রামের দুই দিকে গিয়েছে। একটি দল থানার উদ্দেশে রওনা হয়েছে। অন্য দলটি গিয়েছে সুন্দরীখালি এলাকায়।
সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে খোলা সিবিআইএয়ের পোর্টালে ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে জমা পড়়া অভিযোগের ভিত্তিতে শনিবার ১০ সদস্য়ের সিবিআইয়ের দল সন্দেশখালিতে পৌঁছয়। মাঝেরপাড়া, পাত্রপাড়া, নতুনপড়া সহ একাধিক গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে সত্যতা জানার চেষ্টা করেন। সন্দেশখালি কাণ্ড নিয়ে ইতিমধ্যে বসিরহাট পুলিশ, জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমানের কাছ থেকে সিবিআই তথ্য নিয়েছে।
বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ন্যাজোট ও সন্দেশখালি থানার দশটি জায়গায় পুলিশের তরফে অভিযোগ গ্রহণকেন্দ্র খোলা হয়েছিল সেখানে প্রচুর অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগগুলি সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে রাজ্য পুলিশের কাছ থেকে হস্তান্তর করে নিজেদের দায়িত্বে নিয়েছেন। তারপর শনিবার সেইসব অভিযোগের সত্যতা জানতে সন্দেশখালিতে হাজির হন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা।
গত ১০ এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সন্দেশখালিতে জমি দখল করে ভেড়ি, ধর্ষণ সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। একইসঙ্গে নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির ঘটনা নিয়ে অভিযোগ জমা নিতে হবে। সেখানেই সন্দেশখালির গ্রামবাসীরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট পোর্টালে জমি দখল, জমির ধরন পরিবর্তন করে ভেড়িতে রূপান্তরিত করা, মহিলারা ধর্ষণ সহ সমস্ত অভিযোগ জানাতে পারবেন। স্থানীয় মানুষদের একাংশ জানিয়েছেন, শেখ শাহজাহান, উত্তর সর্দার, শিবু হাজরারা গ্রেফতার হলেও, তাদের অনেক সাগরেদ এখনও জেলের বাইরে রয়েছে। তারা মাঝে মধ্যে হুমকিও দিচ্ছে। অনেকে এখনও বলছেন, তাদের বাহিনীর ভয়ে বাইরে বের হতে পারছেন না। সেই পরিস্থিতিতে সিবিআই অভিযোগ জানাতে মেল আইডি প্রকাশ করে। sandeshkhali@cbi.gov.in-এ মেল করে অভিযোগ জানানো যাবে বলা জানিয়েছিল সিবিআই।
চলতি বছরের গত ৫ জানুয়ারি থেকে শিরোনামে উত্তর ২৪ পরগণার সন্দেশখালি। ওইদিন শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। তারপর থেকেই দফায় দফায় অশান্ত হয়ে ওঠে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর গ্রেফতার হয়েছে সন্দেশখালির সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইতিমধ্যে শাহজাহানের ভাই শেখ আলমগী, শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা , উত্তম সর্দার সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁদেরকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। আবার সন্দেশখালিতে শাহজাহান এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের জমি জোর করে দখল করার যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে সুপারিশ করেছে মানবাধিকার কমিশন।