
শেষ আপডেট: 1 April 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অধিকারিকরা। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ধৃতরা কি সত্যি ইডির উপর হামলায় যুক্ত, এই প্রশ্নের উত্তর খুঁজতে বসিরহাটে আদালতে তিনজনের গোপন জবানবন্দি নেওয়া হল।
সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় প্রকৃত অভিযুক্তদের পরিবর্তে পুলিশ নিরীহ সাত গ্রামবাসীকে গ্রেফতার করেছিল বলে আগেই অভিযোগ উঠেছিল। গত ২৮ মার্চ ওই ঘটনায় ধৃতদের মধ্যে সাইফুদ্দিন মোল্লা, সুকোমল সর্দার, মেহেবুর মোল্লারের গোপন জবানবন্দি চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। আদালতের অনুমতি পেয়ে গোপন জবানবন্দির জন্য তিন অভিযুক্তকে নিয়ে সোমবার বসিরহাট আদালতে যায় সিবিআই। সেখানে জেলাশাসকের উপস্থিতিতে তাঁদের গোপন জবানবন্দি নেওয়া হয়।
আদালতে সিবিআইয়ের দাবি ছিল, ঘটনায় অভিযুক্তদের এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁরা নিশ্চিত যে গত ৫ জানুয়ারি সন্দেশখালির আকুঞ্জিপাড়ার বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। ফোন করে গ্রামের লোককৈ জড়ো করে সেদিন শাহজাহান ইডির ওপর হামলা চালিয়েছিল বলেও আদালতে জানায় তদন্তকারী সংস্থা।
রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে সন্দেশখালির 'সাসপেন্ড' হওয়া তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। কিন্তু বাড়িতে তল্লাশি করা তো দূরস্থ , উল্টে শাহজাহানের ‘অনুগামীদের’ মারধরে গুরুহত আহত হন তিন ইডি আধিকারিক। শুধু মারধরই নয়, ইডি আধিকারিকদের কাছে থাকা মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ধৃতরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাঁদের ফাঁসানো হচ্ছে বলে দাবি ধৃতের পরিবারের। আর এই সংশয় তৈরি হতেই চড়েচড়ে বসেছে সিবিআই। তদন্তকারী সংস্থার মতে, শাহজাহানের বাহিনীকে আড়াল করতেই নির্দোষদের গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যেই তিনজন আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চাইছেন বলে সিবিআইয়ের দাবি।