দ্য ওয়াল ব্যুরো : ২০০৯ সালে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তখন যমুনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শুরু হয়। ওই প্রকল্পে নয়ডার সঙ্গে আগরাকে সড়কপথে যুক্ত করা হয়েছিল। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তখন প্রকল্পের কাজ শেষ হয়। ২০১২ সালে অখিলেশ এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। বিজেপি নেতা যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী, তখন সেই প্রকল্পে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। অভিযোগ, এক্সপ্রেসওয়ে তৈরির জন্য ১২৬ কোটি টাকা নয়ছয় হয়েছে।
২০১৮ সালে এক্সপ্রেসওয়ে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করে যোগী আদিত্যনাথ সরকার। তাতে প্রকল্পের কর্তা পি সি গুপ্ত ও আরও ১৯ জনের নাম ছিল। পরে উত্তরপ্রদেশ সরকার তদন্ত করার জন্য সিবিআইকে অনুরোধ জানায়। এর আগে উত্তরপ্রদেশ সরকারের এক তদন্তে বলা হয়েছিল, পি সি গুপ্ত এবং যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটির অপর কয়েকজন কর্মী মথুরার সাতটি গ্রামে ৫৭.১৫ হেক্টর জমি কিনেছিলেন। তাঁরা দাম দিয়েছিলেন ৮৫ কোটি ৪৯ লক্ষ টাকা। পরে সেই জমি তাঁরা ওয়াইইআইডিএ-কে ১২৬ কোটি টাকায় বিক্রি করেন। ওই সংস্থাটি আগে তাজ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটি নামে পরিচিত ছিল। তাদের কাজ ছিল এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণ করা এবং তার দুপাশে উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা।
গত সপ্তাহে ওয়াইইআইডিএ জেপি গ্রুপকে দেওয়া ১ হাজার হেক্টর জমির ইজারা বাতিল করে। বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট তৈরির জন্য ওই জমি দেওয়া হয়েছিল।