
শেষ আপডেট: 30 November 2023 15:04
দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় দুপুর দু'টোর কিছু পরে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই আধিকারিকরা। সকাল ৯টা থেকে টানা তল্লাশি অভিযান চালানোর পর বাপ্পাদিত্যের থেকে তাঁর দু’টি ব্যাঙ্কের স্টেটমেন্ট ও মোবাইল নিয়ে কাউন্সিলরের বাড়ি ছাড়ে সিবিআই।
বৃহস্পতিবার সকালে কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর পাটুলি টাউনশিপ এলাকার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তেই এই তল্লাশি অভিযান। তল্লাশি অভিযান শেষে বাপ্পাদিত্যর বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কাউন্সিলর জানান, তদন্তে সিবিআইকে সবরকম সহযোগিতা করেছেন। যা যা তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে সব উত্তর দিয়েছেন তিনি।
বাপ্পাদিত্য বলেন, 'সিবিআই আধিকারিকরা নিয়োগ সংক্রান্ত কিছু প্রশ্ন করেছিল তার সব উত্তর দিয়েছি। আমার থেকে যা যা নথি চেয়েছিল তাও দিয়েছি। তার মধ্যে থেকে সিবিআই আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়েছে। আর আমার কাছে কিছু বায়োডেটা ছিল সেগুলোও নিয়ে গেছে। সেইসঙ্গে একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে সিবিআই।'
বাপ্পাদিত্য এলাকায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। পার্থ যে সংস্থায় কর্মরত ছিলেন, সেখানেই কাজ করতেন বাপ্পাদিত্য। পার্থর হাত ধরেই রাজনীতির ময়দানে পা দিয়েছিলেন বাপ্পাদিত্য। সিবিআই সূত্রে খবর, রাজনৈতিক সম্পর্ক ছাড়াও বাপ্পাদিত্যর সঙ্গে পার্থর আর্থিক লেনদেনের সম্পর্কও ছিল। সেই আর্থিক লেনদেন কী সংক্রান্ত হয়েছিল, তা জানতেই এদিন সিবিআই বাপ্পাদিত্যর বাড়ি যায়।
বাপ্পাদিত্য জানান, 'পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু প্রশ্ন করেছে সিবিআই। তবে তদন্তের স্বার্থে সেইসব কিছু বলব না। আমার থেকে যা যা জানতে চাওয়া হয়েছে তার সব উত্তর দিয়েছি।' তৃণমূল কাউন্সিলরের দাবি, পার্থকে নিয়ে প্রশ্ন করা হলেও অর্পিতাকে (পড়ুন অর্পিতা মুখোপাধ্যায়) নিয়ে কোনও কিছু জানতে চায়নি সিবিআই।