
শেষ আপডেট: 7 October 2023 12:47
দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। বৃহস্পতিবারই খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ উত্তর ২৪ পরগণার হাফ ডজন পুর চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সহ একাধিক পুরসভার ভাইস চেয়ারম্যানদের তালিকা চেয়ে পাঠাল সিবিআই।
সূত্রের খবর, ২০১২ সাল থেকে কারা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সেই তালিকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ঠিক কী কারণে তালিকা চেয়ে পাঠানো হয়েছে, তা জানানো হয়নি সংশ্লিষ্ট পুরসভার কর্মকর্তাদের।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন রাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। শনিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, “২০১২ সাল থেকে কারা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তাদের তালিকা চেয়ে নোটিস পাঠিয়েছে সিবিআই। আমরা সেই তালিকা পাঠানোর প্রস্তুতি শুরু করেছি।”
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুলিশ হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। শান্তনুর সূত্রে তারপর গ্রেফতার করা হয়েছিল তাঁর ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে। এই অয়ন শীলের সল্টলেকের অফিস থেকেই পুরসভায় নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পায় ইডি। এক দুর্নীতি খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ে অন্য দুর্নীতির কিসসা। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগেরও তদন্তে নামে সিবিআই ও ইডি।
২০১৪ সাল থেকে পুরসভায় নিয়োগ নিয়ে যেসব দুর্নীতি হয়েছে মূলত সে ব্যাপারে তদন্ত করছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সেপ্টেম্বর মাসে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু পুরসভার কর্মী ও আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রীর বাড়ি সহ ১৪টি পয়েন্টে তল্লাশি চালায় ইডি। তার ৪৮ ঘণ্টার ব্যবধানে সিবিআইয়ের এই নোটিস ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে।