
সুদীপ্ত রায়
শেষ আপডেট: 22 September 2024 22:45
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় ফের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে গেল সিবিআই। এদিন সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ সুদীপ্তর সিঁথির বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। হানা দেন বাড়ি লাগোয়া নার্সিংহোমেও। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, সিবিআই আধিকারিকরা এখনও তাঁর বাড়িতেই রয়েছেন।
গত বৃহস্পতিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর সিবিআই হানা দেয় সুদীপ্তর বাড়িতে। তখন তিনি সাফ জানান, ‘সামান্য কিছু বিষয় জানতে এসেছিলেন। প্রশ্নের উত্তর পেয়ে চলে গিয়েছেন তদন্তকারীরা।’ সে বারও আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সিঁথির মোড়ের বাড়ি ও তাঁর নার্সিংহোমে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি জানান, তাঁর নার্সিংহোমে বেনিয়ম বা দুর্নীতির কোনও প্রশ্নই নেই। তদন্তে সবরকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত। মূলত, সন্দীপের সঙ্গে কথোপকথনের সূত্র ধরেই ওই দিন সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চলে।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের দুর্নীতির তদন্তেও তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়কে তলব করেছিল ইডি। বৃহস্পতিবার সেই তলবে সাড়া দিয়ে তিনি কেন্দ্রীয় সংস্থার দফতরে গেছিলেন। হাসপাতালের দুর্নীতির তদন্তে ইতিমধ্যে জানা গেছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অনেকে ৫০ হাজার টাকা করে পেতেন! কেন, কীসের টাকা ছিল ওটা সেই বিষয়ে সুদীপ্ত রায়কে প্রশ্ন করা হয়েছিল।
রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে কেউ ৫০ হাজার টাকা করে কেন নিত? এই প্রশ্নের উত্তরে তৃণমূলের ডাক্তার বিধায়ক সুদীপ্ত রায় তখন জানিয়েছিলেন, সব অ্যালাউন্সের টাকা ছিল। যারা চাকরি করে না বা অন্যভাবে উপার্জন করে না, এমন তিনজন পেয়েছে বলে তিনি শুনেছেন। তাঁর কথায়, এই টাকা পাওয়ার ক্ষেত্রে তাঁরাও যোগ্য ছিলেন কিন্তু তিনি কখনও টাকা নেননি। বিধানসভা থেকে যেহেতু তিনি বেতন পান, তাই ওই টাকা নেওয়ার দরকার হয়নি বলেই জানিয়েছিলেন সুদীপ্ত।