
শেষ আপডেট: 30 November 2023 22:17
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়া ১২ ঘণ্টা! একটানা তল্লাশি শেষে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে শেষমেশ বেরিয়ে গেল সিবিআই। সঙ্গে নিয়ে গেল উদ্ধার হওয়া নগদ টাকার একাংশ।
বৃহস্পতিবার সকাল হতেই কেন্দ্রীয় বাহিনী সহযোগে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। যদিও বিধায়ক জাফিকুল তখন সেখানে ছিলেন না। বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতেই বাড়িতে চিরুনি তল্লাশি চালায় সিবিআই। জানা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটের মতোই ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকার হদিস মিলেছে। সেই টাকার অঙ্ক মেলাতে আনা হয় টাকা গোনার মেশিন। সেকথা জানাজানি হতেই হুলস্থুল পড়ে যায়।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল বিধায়কের শয়নকক্ষ থেকে মিলেছে ২৪ লক্ষ টাকা। এছাড়া বাথরুমের ভিতরে কুঠুরিতেও নাকি প্রায় ৮ লক্ষ টাকা রাখা ছিল। বাড়ি আনাচে কানাচে লুকোনো টাকা মিলিয়ে নগদ ৩৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
যদিও সিবিআই এখনও এ ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানায়নি। এদিন রাত সাড়ে আটটা নাগাদ যখন জাফিকুলের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা, তখন তাঁদের হাতে ছিল দুটি ব্যাগ এবং লাল কাপড় দিয়ে মোড়া কিছু জিনিস। অনুমান, সেগুলি গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র এবং জাফিকুলের স্ত্রী বীণার সোনার গয়না।
সিবিআই সূত্রে জানা গেছে, এই সোনার গয়না কবে এবং কোথা থেকে কেনা হয়েছে, সেই সংক্রান্ত কোনও প্রমাণ দেখাতে পারেননি বিধায়কের স্ত্রী। তারপরেই তা বাজেয়াপ্ত করা হয়। তবে গয়না নিয়ে গেলেও তৃণমূল বিধায়কের বাড়ি থেকে খুঁজে পাওয়া পুরো টাকাটাই সিবিআই বাজেয়াপ্ত করেছে কিনা তা যদিও স্পষ্ট নয়।
এদিন দিনভর তাঁর বাড়িতে তল্লাশি চললেও সেখানে উপস্থিত ছিলেন না জাফিকুল। বুধবার থেকেই তিনি কলকাতায় ছিলেন। তবে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে দেখা যায়নি তাঁকে। বুধবার আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্না কর্মসূচিতে অংশ নিলেও বৃহস্পতিবার সেখানে যাননি তিনি। বদলে এমএলএ হোস্টেলে খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন বলে বেরিয়ে যান। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি বাড়িতে গেছেন, এমন কথাও জানা যায়নি। সিবিআই তল্লাশির মাঝে তৃণমূল বিধায়ক কোথায় গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।