
শেষ আপডেট: 17 January 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। সেই মামলার রায় বুধবার বিকেলে ঘোষণা হওয়ার কথা। তার আগে তদন্ত নিয়ে জটিলতা তৈরি হল।
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মারধর খেয়েছিলেন ইডি অফিসাররা। শাহজাহানের নাগালও তাঁরা পাননি। শাহজাহান পলাতক। তাঁকে এখনও ধরতে পারেনি পুলিশ। এই অবস্থায় ইডি আদালতে দাবি করেছে যে সন্দেশখালি কাণ্ডে তদন্তের ভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হোক।
এদিন সেই মামলায় সিবিআইয়ের কাছে তাদের চার জন পুলিশ সুপার মর্যাদার অফিসারের নামের তালিকা চান বিচারপতি জয় সেনগুপ্ত। সেই সঙ্গে রাজ্য পুলিশের কাছেও রিপোর্ট চান। দুপুর ২ টোর মধ্যে তা আদালতে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, চার জন পুলিশ সুপার পদের অফিসারের নাম তাঁর কাছে এখনও আসেনি।
সূত্রের খবর, সিবিআই মনে করছে, আদালত তদন্তের জন্য সিট গঠন করে দিতে পারে। অর্থাৎ একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। তাতে সিবিআইয়ের পুলিশ সুপার পদমর্যাদার অফিসার থাকবেন। আবার রাজ্য পুলিশেরও কোনও কর্তাকে রাখা হবে।
কিন্তু সিবিআইয়ের বক্তব্য, তাঁরা সন্দেশখালির তদন্তে রাজি। তবে সিটের অভিজ্ঞতা তাঁদের ভাল নয়। কারণ, অতীতের অভিজ্ঞতা হল, সিট গঠন করা হলে রাজ্য সরকার সহযোগিতা তো করেই না উল্টে চরম অসহযোগিতা করে।
অর্থাৎ সন্দেশখালিতে ইডি অফিসারদের মারধরের ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করা ও শেখ শাহজাহানকে খোঁজার দায়িত্ব সিবিআই একাই নিতে চাইছে। ইডিরও আবেদন সেটাই। এখন দেখার আদালত চূড়ান্ত কী রায় দেয়। বা বুধবার আদৌ চূড়ান্ত রায় ঘোষণা হয় কিনা।