
ফাইল ছবি
শেষ আপডেট: 2 October 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো: কল রেকর্ডের সূত্র ধরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে টানা জেরা করলেন সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে দুজনকে একাধিক বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা জেরা করেছেন বলে খবর।
সোমবারই শিয়ালদহ আদালত নির্দেশ দিয়েছিল, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসিকে হেফাজতে নেওয়ার দরকার নেই, প্রয়োজনে জেলে গিয়ে জেরা করতে পারবে সিবিআই। সেই মতো মঙ্গলবার সোজা প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
সন্দীপ ও অভিজিৎকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে সোমবার আদালতে আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু আদালতের নির্দেশ সিবিআই হেফাজত কেন? জেলে গিয়েই দুজনকে জেরা করতে পারে সিবিআই। এরপরই কেন্দ্রীয় তদন্তকারীরা আবেদন প্রত্যাহার করে নেয় বলে খবর।
সোমবার আদালতে সিবিআই দাবি করে, তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে, যা এই মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই সন্দীপ ঘোষকে আরও তিন দিন রাখার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু সওয়াল জবাব শেষে সেই আর্জি ধোপে টেকেনি।
শুধু দুর্নীতিই নয়, খুনের মামলাতেও নাম রয়েছে সন্দীপের। দীর্ঘদিন ধরে সন্দীপকে হেফাজতে নিয়ে জেরাও করেছে সিবিআই। তবে আরজি কর মামলায় এবার সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চেয়েছিল সিবিআই।
সেইমতোই মঙ্গলবার সোজা প্রেসিডেন্সি জেলে গিয়ে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই-এর দাবি, কল রেকর্ড ধরে দুজনকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।