
শেষ আপডেট: 16 December 2023 14:10
দ্য ওয়াল ব্যুরো: প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হওয়ার নজির নতুন নয়।সাম্প্রতিক অতীতে নানা উপায়ে প্রতারকচক্র সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়ে হাওয়া হয়ে গেছে। মানুষকে তাই আরও সজাগ হওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কর্মসূচিও করা হচ্ছে।
তারপরও প্রতারণা যে আটকানো যাচ্ছে না তা নয়। এবার প্রতারকদের খপ্পরে সিবিআইয়ের এক কনস্টেবল। সূত্রের খবর, সম্প্রতি অনলাইন প্রতারণার শিকার হয়ে ২৩ হাজার খুইয়েছেন সিবিআইয়ের ওই কনস্টেবল। এ ব্যাপারে সম্প্রতি উত্তর বিধাননগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তিনি।
তদন্তে নেমে শুক্রবার নৈহাটি থানা এলাকা থেকে দুই সাইবার প্রতারককে গ্রেফতার করেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, সিবিআই কনস্টেবলের টাকা হাতানোর অভিযোগে বিশাল চৌধুরী ও সানি পাসওয়ানকে গ্রেফতার করা হয়েছে।শনিবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তদের হেফাজতে চেয়ে বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।
কীভাবে প্রতারণার ফাঁদে পড়লেন সিবিআই কনস্টেবল? জানা গেছে, গত ২৫ অগস্ট অ্যাপ ক্যাব বুক করে যাত্রা করেছিলেন সিবিআইয়ের ওই কনস্টেবল। অভিযোগ, সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব তাঁর থেকে মাত্রাতিরিক্ত টাকা নিয়েছিল। টাকা মিটিয়ে দেওয়ার পর অনলাইনে ওই অ্যাপ ক্যাব সংস্থার টোল ফ্রি নম্বর খুঁজছিলেন সিবিআইয়ের ওই কনস্টেবল।
পুলিশকে ওই সিবিআই কনস্টেবল জানান, অ্যা্প ক্যাবের টোল ফ্রি নম্বরের খোঁজ করতে গিয়ে তিনি একটি নম্বর পান। সেই নম্বরে ডায়াল করতেই এক ধাক্কায় তাঁর অ্যা্কাউন্ট থেকে কেটে নেওয়া হয় ২২ হাজার ৯৮০ টাকা। প্রতারণার ফাঁদে পড়েছেন বুঝতে পেরে এরপরই থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি।