
সঞ্জয় রায়।
শেষ আপডেট: 11 September 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে জেরা করতে বুধবার বিকেলে ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে গেল সিবিআই। এদিন সন্ধের মুখে সিবিআইয়ের একটি দল সংশোধনাগারে যান।
সূত্রের খবর, ডাক্তারি ছাত্রী খুনের তদন্তে এদিন দুপুরে আরজি করের চার জুনিয়র চিকিৎসককে তলব করেছিল সিবিআই। বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে চারটে পর্যন্ত তাঁদেরকে জেরা করেন তদন্তকারীরা। এরপরই সিবিআইয়ের একটি দল বিকেলে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছন।
সূত্রের খবর, ওই চার জুনিয়র চিকিৎসকের কাছ থেকে পাওযা তথ্যের সূত্র ধরেই ফের সঞ্জয়কে জেরা করছেন তদন্তকারীরা। মূলত, কী উদ্দেশে এই অপরাধ, সঞ্জয়ের সঙ্গে আর কে কে জড়িত সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রের দাবি, আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টে তার অপরাধ কবুল করেছে। ঘটনার রাতে সে ঠিক কী কী করেছিল, কোথায় কোথায় গেছিল, সেই তথ্য এই পরীক্ষায় উঠে এসেছে। এমনকী এ ব্যাপারে সিবিআই তরফে আদালতেও রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিসিটিভি ফুটেজ এবং ছেঁড়া ব্লু-টুথ হেডফোনের সূত্র ধরেই প্রথমে সঞ্জয়কে গ্রেফতার করেছিল পুলিশ। ওদিকে সিবিআই তদন্ত থেকে জানা গেছে, ঘটনার আগের দিন নির্যাতিতার ওপর 'নজর' রেখেছিল সে। হাসপাতালের করিডরের সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে। যে সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে তাতে নাকি দেখা গেছে, ঘটনার আগের দিন অর্থাৎ ৮ তারিখ সঞ্জয় রায় চেস্ট মেডিসিন ওয়ার্ডে নির্যাতিতার ওপর 'নজর' রাখছিল। ওই দিন বেলা ১১টার সময় চেস্ট মেডিসিন ওয়ার্ডে ছিল সঞ্জয়। সেই সময় সেখানে নির্যাতিতা ছাড়াও আরও ৪ জন জুনিয়র ডাক্তার ছিলেন। সিসি ক্যামেরায় দেখা গেছে, সঞ্জয় তাঁদের দিকে 'হাঁ করে' তাকিয়ে ছিল। তার পরের দিনই ভোর রাতে ওই নৃশংস ঘটনা ঘটায় সঞ্জয়।
ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে আরজি করের সেই রাতের সেমিনার হলের দিকে যাওয়ার একটি ভিডিও। তাতে সঞ্জয় রায়কেই দেখা গেছে বলে দাবি। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, গলায় হেডফোন, হাতে হেলমেট নিয়ে আরজি করের করিডর ধরে হেঁটে যাচ্ছে সঞ্জয়। ওই করিডরের শেষ প্রান্তেই রয়েছে সেমিনার হল। গত ৯ অগস্ট ভোরে ওই সেমিনার হল থেকেই ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
এরপরই ডাক্তারি ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনায় একাধিক প্রশ্ন সামনে উঠে এসেছে। এসবের নিরসনেই ফের এদিন সঞ্জয়কে জেরা করেন তদন্তকারীরা।