
শেষ আপডেট: 31 March 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: সাড়ে তিন বছর নিখোঁজ (missing youth) থাকার পর অবশেষে মুম্বই (Mumbai) থেকে খোঁজ মিলল কলকাতার (Kolkata) যুবকের। জানা গিয়েছে, ওই যুবকের নাম তৃষিত বিশ্বাস। পুলিশ, সিআইডির হাত ঘুরে সেই যুবককে খোঁজার তদন্তভার গিয়েছিল সিবিআইয়ের (CBI) হাতে। আর তাতেই মেলে সাফল্য। এত বছর পর ছেলেকে ফিরে পেয়ে তদন্তকারী অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা-মা।
সূত্রের খবর, ২০১৯ সাল থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। প্রথমে পুলিশের হাতে তাঁকে খোঁজার দায়িত্ব যায়। এরপর সেখান থেকে দায়িত্ব পায় সিআইডি। কিন্তু কেউই সেই ব্যক্তিকে খুঁজে বের করতে পারেননি। একপ্রকার হতাশ হয়েই দুর্ভাগা বাবা-মা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত শুরু করে সিবিআই। আর শুরুর দু'মাসের মধ্যেই নিখোঁজ তৃষিতের খোঁজ মেলে মুম্বইয়ে।
বৃহস্পতিবার বাণিজ্যনগরীতে তাঁর খোঁজ পান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। শুক্রবার সাতসকালে তাঁকে বিমানে করে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এতমাস ধরে ওই যুবক কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন, সেসব কিছুই জানা যায়নি। সিবিআই জানিয়েছে, এই সব কিছুই আদালতে জানানো হবে।
জানা গিয়েছে, ২০২৩ সালের জানুয়ারির শেষে এই নিখোঁজ মামলার তদন্ত শুরু করে সিবিআই। বিশেষ টিম গঠন করে শুরু হয়েছিল তদন্ত। আর তাতেই মেলে সাফল্য। কলকাতা পুলিশ বা সিআইডি যা পারেনি গত তিন বছরে, সেটাই মাত্র দু'মাসে করে দেখাল সিবিআই। তৃষিতের বাবা-মা জানান, ২০১৯ সালের ৭ নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিল তাঁদের ছেলে। এরপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। দু-এক বার বাড়িতে ফোন এলেও ছেলের কোনও সন্ধান মেলেনি।
নজিরবিহীন: ভোটমুখী কর্নাটকে মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে চেক করল পুলিশ