দ্য ওয়াল ব্যুরো : প্রশাসনিক নিয়ন্ত্রণের বাইরে আসুক সিবিআই। তাকে করা হোক বিধিবদ্ধ সংস্থা। তার ক্ষমতা হোক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সমান। সিবিআইয়ের এক অনুষ্ঠানে মঙ্গলবার এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
তাঁর কথায়, সিবিআইকে সবাই অন্য চোখে দেখে। কারণ যে মামলায় রাজনীতি নেই, সেখানে ওই গোয়েন্দা সংস্থা ভালো কাজ করে। একইসঙ্গে তিনি বলেন, সরকারি সংস্থার সাফল্যের চেয়ে ব্যর্থতার দিকেই মানুষের দৃষ্টি আকর্ষিত হয় বেশি।
পরে তিনি বলেন, একথা সত্যি যে, বেশ কয়েকটি হাই প্রোফাইল ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় যথাযথ তদন্ত করতে পারেনি। কিন্তু একথাও সত্য, সিবিআই খুব বেশি মামলায় গাফিলতির পরিচয় দেয়নি। সিবিআইকে যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার সম্ভাবনা আছে, একথাও প্রধান বিচারপতি স্বীকার করে নেন। তবে একইসঙ্গে বলেন, আমি নিশ্চিত যে, এই সংগঠনের যে কোনও পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা আছে।
একইসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট একাধিকবার নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সিবিআইকে স্বাধীনভাবে কাজ করতে সাহায্য করেছে।
অন্য প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, আন্তঃরাজ্য অপরাধের ঘটনা বাড়ছে দেশে। এই অবস্থায় ‘পাবলিক অর্ডার’ অর্থাৎ জনজীবনে শৃঙ্খলা রক্ষার বিষয়টি কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকায় রাখা উচিত।