.webp)
শেষ আপডেট: 8 March 2024 14:11
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবারের পর শুক্রবার আরও বড় টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল। সেখানে বেআইনি জমায়েত তৈরি করে উত্তেজনা তৈরির অভিযোগে এক গ্রামবাসীকে আটক করেছেন তদন্তকারীরা।
সূত্রের দাবি, এদিন সকাল থেকে সিবিআইয়ের টিম এলাকা পরিদর্শনে যাওয়ার পর থেকেই ওই ব্যক্তি নানা ধরনের মন্তব্য করে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করেন। তাতে এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। এরপরই ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে আটক ব্যক্তির পরিচয়ের বিষয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়ি। শাহজাহানের বন্ধ বাড়ির তালা খুলে নমুনা সংগ্রহের কাজ করছিলেন তদন্তকারীরা। সিবিআইয়ের সঙ্গে রয়েছে ফরেন্সিক টিম এবং ইডিও। তদন্তকারী সংস্থার দাবি, তদন্তে ব্যাঘাত ঘটানোর জন্যই পরিকল্পিতভাবে বাধা তৈরির চেষ্টা হচ্ছে। সে কারণেই এই আটক।
বস্তুত, বৃহস্পতিবার সন্দেশখালিতে সিবিআইয়ের একটি টিম পৌঁছলেও শুক্রবার তুলনামূলকভাবে অনেক বড় টিম এলাকায় পৌঁছেছে। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
এর আগে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে উন্মত্ত জনতার হাতে মারধর খেয়েছিলেন ইডির আধিকারিকরা। আদালতের নির্দেশে ওই ঘটনারই তদন্তে নেমেছে সিবিআই।