
শেষ আপডেট: 10 March 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: রবিবারই শেষ হচ্ছে পুলিশি হেফাজতের মেয়াদ। রবিবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। রবিবার সকালেই কড়া পুলিশি প্রহরায় সন্দেশখালির বাঘকে নিয়ে বসিরহাট আদালতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ধৃত প্রাক্তন তৃণমূল নেতাকে ফের হেফাজতে চেয়ে এদিন আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। সেখানে থাকে ৪ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এদিন শাহজাহানের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর পরিবারের লোকজন। আদালত চত্বরে তাঁরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। পরে পুলিশ তাঁদের ভিতরে নিয়ে যায়।
৫৬ দিন গা ঢাকা দিয়ে থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি ভোররাতে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালির ডনকে। ওই দিনই বসিরহাট আদালতে তোলা হলে তাঁকে ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশ হেফাজতে থাকাকালীনই তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি রাজ্যে। হাইকোর্টের রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত।
শেখ শাহজাহানকে হস্তান্তর নিয়ে টানাপড়েন চলে বিস্তর। শেষ পর্যন্ত গত বুধবার রাতে ভবানীভবনে সিআইডির হেফাজত থেকে সিবিআই তাকে নিজাম প্যালেসে নিয়ে যায়।
গত ৫ জানুয়ারি শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে উন্মত্ত জনতার হাতে মার খান ইডি আধিকারিকরা। ওই ঘটনার তদন্ত করছে সিবিআই। সূত্রের দাবি, ভিডিও ফুটেজ দেখে সেদিনের হামলার ঘটনায় আটজনকে চিহ্নিত করেছেন শাহজাহান। এদিকে ঘটনার তদন্তে নেমে অকুস্থল থেকেও বেশ কিছু 'লিড' পেয়েছে তদন্তকারী সংস্থা। তবে শাহজাহানের মোবাইল এখনও মিসিং। সেই মোবাইলের খোঁজেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।