
শেষ আপডেট: 27 January 2024 19:24
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই গণহত্যা কাণ্ডে তিন অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি হল। বগটুই গ্রামে সেই নোটিস সাঁটিয়ে দিল সিবিআই। গ্রামের বিভিন্ন জায়গায় নোটিস আটকানো হয়েছে। তিন অভিযুক্তের নাম রোহন শেখ, মারফত শেখ ও খুশিল শেখ।
বগটুই কাণ্ডে গ্রেফতারের পর সিবিআই হেফাজতে মৃত লালন শেখের ছেলে রোহন। অন্য অভিযুক্ত মারফত নিহত ভাদু সেখের বাবা। আগামী ৩০ জানুয়ারি রামপুরহাট মহকুমা আদালতের এসিজেএমের এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাত ও গুলিতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু সেখ। তারপর সেই রাতে অশান্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। আগুনে পুড়িয়ে মারা হয় মহিলা ও শিশু-সহ দশজনকে। সেই ঘটনার জেরে ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে। এই গোটা ঘটনার নেপথ্যে লালন শেখ ছিল বলে অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর লালনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে সিবিআই। ২০২২ সালের ডিসেম্বর মাসে সিবিআই হেফাজতেই লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়। রামপুরহাটের সিবিআইয়ের ক্যাম্পের বাথরুমে ঝুলন্ত দেহ মেলে লালনের।
কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুইয়ের গণহত্যার ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্ত করতে গিয়ে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে এই তিনজনেরও নাম উঠে আসে। তবে তারা এখনও অধরা। সেই তিন অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করে বগটুই গ্রামে নোটিস সাঁটাল সিবিআই। ঘটনায় ফের শোরগোল পড়ল বগটুই গ্রামে।