
ফাইল ছবি।
শেষ আপডেট: 17 December 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কায় সত্যি হল। জেল থেকেই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করল সিবিআই।
সোমবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন সুজয়কৃষ্ণ। এরপরই তাঁকে গ্রেফতারের নথি আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের তরফে কাকুকে হেফাজতে চেয়ে আদালতে আবেদনও জানানো হয়েছে। তবে ইডির মামলায় জামিনের সূত্র ধরে সিবিআই হেফাজতের বিরোধিতা করেন সুজয়কৃষ্ণর আইনজীবী।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে জামিনে পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তবে এখনও জেল মুক্তি ঘটেনি। উপরন্তু সুজয়কৃষ্ণ জামিন পাওয়ার পরই সিবিআইয়ের তরফে তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।
এ ব্যাপারে গত মঙ্গলবারই সিবিআইয়ের আইনজীবী আদালতকে এও বলেছিলেন, 'সুজয়কৃষ্ণ ভদ্র অলরেডি অ্যারেস্টড। তাঁকে গ্রেফতার করার জন্য আমাদের অনুমতির দরকার নেই!' তখনই বিভিন্ন মহলের তরফে ধারণা করা হয়েছিল, যে ইডি মামলায় জামিন পেলেও ফের সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে।
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে বারেবারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নিয়োগ দুর্নীতির জট খুলতে তাঁর ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েজ ক্লিপিং এর সঙ্গে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা। সেজন্য আদালতে আবেদন জানান তাঁরা। পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএসকেএমের তরফে জানানো হয়, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না।
দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে গত ৪ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ‘ভয়েস স্যাম্পেল টেস্ট’ হয়। তাঁর গলার স্বর ডিজিটালি রেকর্ড করে রেখে দেখা হয় ফোনে কথোপকথনের যে অডিও সামনে এসেছে সেই গলা আর কাকুর গলা এক কিনা।
এদিকে পাঁচ বার আদালতে সিবিআইয়ের জেরা এড়ানোয় সুজয়কৃষ্ণকে মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিন ভার্চুয়ালি হাজিরা দিতেই তাঁকে গ্রেফতারের নথি আদালতে পেশ করে সিবিআই।