
শেষ আপডেট: 10 January 2023 18:11
দ্য ওয়াল ব্যুরো: দিনেদুপুরে প্রকাশ্য রাস্তার উপর ডাকাতি। এক বেসরকারি ব্যাঙ্কের এটিএম ভ্যানের (Cash van) নিরাপত্তারক্ষীকে (guard) গুলি (shot dead) করে আটলক্ষ টাকা লুঠ করে নিল এক দুষ্কৃতী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) কাছে জগৎপুর ফ্লাইওভারের কাছে।
ঘটনার পরপরই খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। ওই গার্ডকে সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা কয়েকজন প্রত্যক্ষদর্শীকেও। তখনই জানা যায়, একটি এটিএম ক্যাশ ভ্যান লুট করা হয়েছিল এবং এর গার্ডকে একজন অজ্ঞাত ব্যক্তি গুলি করে হত্যা করেছে।
পুলিশ জানিয়েছে, টাকা ভর্তি ওই ভ্যানটি মঙ্গলবার বিকেলে জগৎপুর ফ্লাইওভারের কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের একটি এটিএমে নগদ টাকা জমা দেওয়ার জন্য পৌঁছেছিল। সেইসময় হঠাৎ এক ব্যক্তি পিছন থেকে ছুটে এসে ওই ভ্যানরক্ষীর উপর গুলি চালায়। এরপর ভ্যানের ভিতরে থাকা আটলক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায়।
তবে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঘটনার সময় ওই ভ্যানের নিরাপত্তারক্ষীর সঙ্গে আরও একজন কর্মী ছিলেন। তাঁকে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্দির থেকে ফেরার পথে খালে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ৬ জনের