
শেষ আপডেট: 27 July 2023 08:27
দ্য ওয়াল ব্যুরো: রাত বাড়লেই শব্দের তীব্রতা বাড়ে। কখনও তারস্বরে মাইক বাজছে, আবার কখনও গমগমে ড্রামের আওয়াজে টেকা দায়। কান ঝালাপালা হয়ে যাচ্ছে সবসময়। এ শহরে শব্দদূষণ (Sound Pollution) মারাত্মক পর্যায়ে পৌঁছচ্ছে। বিশেষ করে পার্কস্ট্রিটে রাতের বেলায় শব্দের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ। শহর কলকাতাকে শব্দদানবের হাত থেকে বাঁচাতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছেন এক মহিলা।
মামলাকারীর নাম সাগুপ্তা সুলেমান। হাইকোর্টে মামলাকারী তাঁর আবেদনে বলেছেন, পার্কস্ট্রিটে রোজই কোনও না কোনও উৎসব লেগেই আছে। কখনও মাইকে গান বাজছে (Sound Pollution), আবার কখনও ড্রাম বাজিয়ে হইহল্লা করছেন লোকজন। রাতভর চলছে গান-বাজনা। মাইকের শব্দে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। সামনেই মহরম। শব্দের তীব্রতা আরও বাড়বে বলেই জানাচ্ছেন মামলাকারী। শব্দের মাত্রা নিয়ন্ত্রণে তাই হাইকোর্টের সাহায্য চেয়েছেন তিনি।
মামলাকারীর আবেদন শুনে, রাতের শহরে শব্দের তীব্রতা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বক্তব্য, শব্দের মাত্রা সহনশীলতার বেড়া টপকে যাচ্ছে। কখনও শব্দের মাত্রা ৮৫ ডেসিবেলের বেশি, আবার কখনও এই শহরেই ১৪০ ডেসিবেল ছাড়িয়ে যাচ্ছে যা বিপজ্জনক। এদিকে শব্দদূষণ নিয়ন্ত্রণে অনেক আগেই নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। শহরে শব্দের মাত্রা কত হবে তাও আইন করে বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে থেচ্ছ ভাবে বাজানো হচ্ছে ডিজে, লাউড স্পিকার, মাইক্রোফোন ইত্যাদি। সেই মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য যতটা পদক্ষেপ করার দরকার ছিল, তাতে যথেষ্ট খামতি রয়েছে বলেই অভিযোগ। তাই যত দ্রুত সম্ভব এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।