
বিচারপতি অমৃতা সিনহা
শেষ আপডেট: 27 June 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: হকার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পরই শহরজুড়ে পুলিশি তৎপরতা বেড়েছে। জায়গায় জায়গায় হকার উচ্ছেদ চলছে। কিন্তু পুলিশ এই উচ্ছেদের নামে কার্যত অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। হকার উচ্ছেদের এই প্রক্রিয়া রুখতেই এই মামলা।
আইনজীবী শামিম আহমেদ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তাঁর বক্তব্য, হকার উচ্ছেদের নামে যা নয় তাই করা হচ্ছে। কে বৈধ আর কে অবৈধ তা খতিয়ে না দেখেই পুলিশ তৎপরতা দেখাচ্ছে। এতে নাগরিক অধিকার খর্ব হচ্ছে। তাঁর এও অভিযোগ, গত দুদিন ধরে পুলিশ সর্বত্র হকারদের উপর কার্যত ঝাঁপিয়ে পড়ছে, মারধর করছে। দ্রুত এই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত বলে দাবি মামলাকারীর।
এই বক্তব্য শুনে বিচারপতি সিনহা তাঁকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, এটা কোনও একটি নির্দিষ্ট জায়গার ঘটনা নয়। তাই এই বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে দাখিল করা উচিত।
ফুটপাত জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই মঙ্গলবার থেকে কলকাতা-সহ কয়েকটি জেলায় হকার উচ্ছেদে নেমে পড়ে পুলিশ। তবে কিছু জায়গা বাদে সব জায়গায় উচ্ছেদ হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি সহ বিরোধী শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এন্টালি, ডায়মন্ড হারবার, খিদিরপুর, রাজাবাজার, মেটিয়াবুরুজ, পার্কসার্কাসে রোহিঙ্গাদের ফুটপাত দখল করে বসিয়েছে তৃণমূলই। কিন্তু এই সব জায়গা নিয়ে কোনও পদক্ষেপ হচ্ছে না।
এদিকে, আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকীর অভিযোগ, হকারদের কাছ থেকে টাকা তোলার ধান্দা করছে তৃণমূল। যে জায়গায় উচ্ছেদ হচ্ছে তিনমাসের মধ্য সেখানে আবার নতুন হকাররা বসবেন। এটা নাটক ছাড়া কিছুই নয়।