
দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের নামে পোস্টার।
শেষ আপডেট: 21 March 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: উজ্জ্বল হলুদ পতাকায় নীল কালিতে বাংলায় লেখা ‘অধিনায়ক অভিষেক’ (Abhishek Banerjee)! নীচে ইংরেজিতে লেখা - হ্যাশট্যাগফ্যামফরটিএমসি অর্থাৎ তৃণমূলের সমর্থকরা।
শুক্রবার সকাল থেকে অভিনব এই পোস্টারে ছেয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা। দলের অভ্যন্তরে অভিষেকের প্রচুর অনুগামী রয়েছেন। ফলে নেতার প্রতি অনুগামীরা তাঁদের ভালবাসা এভাবে প্রকাশ করতেই পারেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহর জেরে এই পোস্টার তার চেয়েও কিছু বেশি বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।
দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই সুব্রত বক্সী। দলের জন্মলগ্ন থেকেই তিনি দলের রাজ্য সভাপতি পদে রয়েছেন। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে অভিষেক ও সুব্রতর মধ্যে একটা তালমিল তৈরি হওয়ার ইঙ্গিত মিলছিল। গত ১৫ মার্চ ভুতুড়ে ভোটার লিস্ট নিয়ে অভিষেকের বৈঠকের পরের দিনই অর্থাৎ ১৬ মার্চ এই সংক্রান্ত প্রতিবেদন সবার আগে লেখা হয়েছিল দ্য ওয়ালে (অভিষেক ও বক্সীর তালমিল, কেন তৃণমূলে এক নয়া অধ্যায়!)। সাতদিনের ব্যবধানে পোস্টারেও যেন তেমনই আভাস সামনে এল।
প্রসঙ্গত, ভোটার লিস্টের ভূতুড়ে তালিকা নিয়ে জেলা ভিত্তিক কমিটি গঠনের পরও তা বাতিল হয়ে যাওয়া এবং গত ১৫ মার্চ অভিষেকের ভার্চুয়াল বৈঠক থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, দলে অভিষেকের গুরুত্ব বাড়তে চলেছে।
এমনকী ওই বৈঠকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও অভিষেককে একাধিকবার 'আমাদের নেতা' বলে সম্বোধন করে দলের অভ্যন্তরে থাকা নবীন-প্রবীণের দ্বন্দ্বের অবসান ঘটানোর বার্তা দিয়েছিলেন।
লন্ডন সফরে যাওয়ার আগে বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও কার্যত সেই নবীন-প্রবীণের সংমিশ্রণেই সিলমোহর বসিয়েছেন। দলনেত্রী জানিয়ে দিয়েছেন, আগামী সাতদিনের দলের যাবতীয় কাজকর্ম 'যৌথভাবে' সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং সুব্রত বক্সী।
অর্থাৎ সবার উপরে নেত্রী সত্য, এটা মেনে নিয়েও তৃণমূলের সংগঠনের রাশ যে অনেকটাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তা নিয়ে আর কোনও রহস্যের বাকি নেই। পোস্টারে যেন সেটাই বলতে চাওয়া হয়েছে।