দ্য ওয়াল ব্যুরো : জাহাজের নাম ‘ডায়মন্ড প্রিন্সেস’। তাতে যাত্রী আছেন কয়েক হাজার। জাপানে যাওয়ার কথা ছিল সেই জাহাজের। কিন্তু বন্দরে ভিড়তে দেওয়া হয়নি তাকে। জাহাজে ২০ জনের করোনাভাইরাস সংক্রমণ হয়েছিল। সেজন্য সমুদ্রের বুকে ১৪ দিন কোয়ারান্টাইন করে রাখা হয়েছে জাহাজটিকে। যাত্রীরা আটকে পড়েছেন জাহাজে। তাঁদের একজনের নাম ডেভিড আবেল। তিনি ব্রিটিশ। আটকে পড়া জাহাজ থেকে তিনি এমন ফেসবুক পোস্ট দিয়েছেন, যা দেখে হইচই পড়েছে বিশ্ব জুড়ে। রাতারাতি অনলাইন স্টার হয়ে উঠেছেন ডেভিড।
ফেসবুকে দেখা যাচ্ছে, রঙিন ফুলের ছবি আঁকা জামা পরে দাঁড়িয়ে আছেন সেই ব্রিটিশ ভদ্রলোক। তিনি লিখেছেন, আমি জানি, জাহাজের রুম সার্ভিসও এই ফেসবুক পোস্ট দেখবে। তাই তাদের বলছি, আমাকে রোজ একটা করে কলা খেতে দিও। আর একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, জাহাজের ক্যাপটেন কি আমার ফেসবুক পোস্ট দেখছেন? যদি দেখেন, তাঁকে বলব, কলা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। ওটা রুম সার্ভিসের ওপরে ছেড়ে দিন। আপনি বরং আমার জন্য এক গ্লাস হুইস্কির ব্যবস্থা করুন।
কোন ব্র্যান্ডের হুইস্কি চান, তাও জানিয়েছেন ডেভিড। তিনি বলেছেন, আমি পান করি টালিসকার, টেন ইয়ার্স ওল্ড সিঙ্গল মল্ট। ওই জিনিসটি পেলে বড় ভাল হত।
ডেভিড জানিয়েছেন, নানা দেশের মিডিয়া তাঁর কাছে জানতে চায়, কোয়ারান্টাইন করা প্রমোদ তরণীর ভিতরে এখন কী ঘটছে? মনে করা হচ্ছে, ডেভিড ওই জাহাজ সম্পর্কে মূল্যবান তথ্য দিতে পারবেন। তিনি লিখেছেন, জাহাজের বেশিরভাগ যাত্রীর অবস্থা শোচনীয়। আমরা কেবিনের ভিতরেই আছি। বাইরে যেতে দেওয়া হচ্ছে না। জাহাজের নাবিকরা জানাচ্ছেন না, বাইরে কী ঘটছে। ক্যাপটেনও কোনও কথা বলছেন না। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার আরও ১০ যাত্রীর দেহে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। আমাদের আশঙ্কা, এর ফলে কোয়ারান্টাইনের সময়সীমা বৃদ্ধি পেতে পারে।
মজা করে ডেভিড লিখেছেন, আশা করি ক্রিসমাসের আগে আমরা সকলেই বাড়ি পৌঁছে যাব।