
সোমা দাস ও সোমনাথ মালো।
শেষ আপডেট: 5 April 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করলেও ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি কেড়ে নেয়নি সুপ্রিম কোর্ট।
তবে সোমার মতো আরও একাধিকজন চাকরিহারা ক্যান্সারে আক্রান্ত বলে খবর। তাদেরই অন্যতম নদিয়ার বীরনগর হাইস্কুলের গ্রুপ সি কর্মী সোমনাথ মালো। একদিকে ক্যান্সারের চিকিৎসা অন্যদিকে সংসারের খরচ, চাকরি হারিয়ে কার্যত অথৈ জলে পড়েছেন তিনি।
সোমনাথ বেশ কয়েক বছর ধরে মারণ রোগ ব্লাড ক্যানসারে আক্রান্ত। ওষুধপত্র মিলিয়ে মাসে তাঁর চিকিৎসায় ব্যায় হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। এই সরকারি চাকরির জোরেই এতেদিন সোমনাথ সংসার ও চিকিৎসার খরচ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার আদালতের এক খোঁচায় তাঁর সেই চাকরিতে ইতি পড়ে গেছে।
দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, "পরিশ্রম করে পাওয়া চাকরি এভাবে চলে গেলে কী বা বলতে পারি!" একই সঙ্গে তাঁর দাবি, যদি ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল থাকে, সেই নিরিখে তাঁর অবস্থাও বিবেচনা করে দেখা দরকার ছিল।"
তাই রাজ্য সরকারকে তাঁর দিক বিবেচনা করে দেখার আবেদনও জানাচ্ছেন তিনি। এ বিষযে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণের জন্যও ঘনিষ্ঠরা তাঁকে পরামর্শ দিচ্ছেন।
নদিয়ার তাহেরপুরে এক চিলতে ঘরে থাকেন সোমনাথ। স্ত্রী মেয়েকে নিয়ে কোনও রকমে এই চাকরির ভরসায় চলে যাচ্ছিল তাঁর। বৃহস্পতিবার সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন। রায় আসতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন সোমনাথ ও তাঁর স্ত্রী সন্ধ্যা মালো।