
শেষ আপডেট: 29 February 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাত পোহালেই বিয়ের আশীর্বাদ, তারই প্রস্তুতি চলছিল বাড়িতে। তার আগেই নিজের সার্ভিস রিভলবার দিয়ে কপালে গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের কনস্টেবল। সেই খবর এসে পৌঁছতেই উৎসবের আবহে বিষাদ নামল মৃত জয়ন্ত সরকারের নদিয়ার বাড়িতে। শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের বাথনা এলাকায় বাড়ি। কলকাতা পিটিএসে কর্মরত ছিলেন জয়ন্ত।
পাঁচ বছর আগে চাকরি পেয়েছিলেন। পরিবারের সুত্রে খবর, পারিবারিক কোনও অশান্তি ছিল না। দিন কয়েক বাদে তার বিয়ে। শুক্রবার ছিল আশীর্বাদ। বুধবার গভীর রাতে কলকাতা পুলিশের তরফ থেকে ফোন করা হয় জয়ন্তর বাড়িতে। জানানো হয় আত্মঘাতী হয়েছেন তিনি। জানানো হয়, কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে কপালে গুলি করেন জয়ন্ত।
রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর বৃহস্পতিবারই তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা। পরিবারের সদস্যরা জানান, কোনও পারিবারিক অশান্তি ছিল না। কী কারণে এমন ঘটনা তা বুঝে উঠতে পারছেন না পরিবার।
তবে জয়ন্তর বন্ধুরা জানান, এর আগে তার সঙ্গে এক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল। সেই বিয়ে কোনও কারণে ভেঙে যায়। এই ঘটনার পেছনে সেই কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। জয়ন্তর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।