
শেষ আপডেট: 10 October 2023 18:33
দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের প্রকল্প ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতেই গত ৫ দিন ধরে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ অন্য নেতামন্ত্রীরা। তবে সোমবার রাজ্যপালের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিরা দেখা করার পর সেই ধর্না উঠে যায়। যদিও এই ইস্যুতে জল গড়িয়েছে আদালত অবধি। রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে প্রশ্ন তোলা হয়েছে, 'অ্যাকশন টেকেন রিপোর্ট' পাঠনোর ১ বছর পরেও কেন কেন্দ্রের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হল না!
এদিন কলকতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তখনই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনও প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না। 'এটি একটি জনস্বার্থ মামলা। আমরা চাই, রাজ্যের আসল উপভোক্তারা যেন প্রকল্পের সুবিধা পান। রাজ্য যে কখনও ভুল করে না, এটা আমি বলব না। কিছু ভুল হতে পারে। শুধু পশ্চিমবঙ্গ নয়, অনেক রাজ্যের ক্ষেত্রেই হয়,' জানান তিনি।
সেই সঙ্গে প্রশ্ন করেন, রাজ্য যে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' পাঠিয়েছিল, এক বছর পেরিয়ে গেলেও কেন তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানাল না কেন্দ্র?
এই মামলায় বক্তব্য জানাতে সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী আদালতে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের তদন্তের বিস্তারিত রিপোর্ট থেকে জানা গেছে, ১০০ দিনের কাজ নিয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এই প্রকল্পে ৪৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু রাজ্যের তরফে কোনও অডিট রিপোর্ট দেওয়া হয়নি।
আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ওই দিন কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রককে হলফনামা দিতে হবে। তারা জানাবে, রাজ্য যে দ্বিতীয় 'অ্যাকশন টেকেন রিপোর্ট' পাঠিয়েছিল তা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।