
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 6 May 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সংগঠনকে রাজ্য মানবাধিকার কমিশনের (Human Rights Commission) সামনে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তাঁদের দাবি ছিল, হাজার জনকে নিয়ে এই কর্মসূচি করতে চায় তাঁরা। কিন্তু বিষয়টিতে রাজি নয় রাজ্যের উচ্চ আদালত। তবে শর্তসাপেক্ষে বিজেপিকে অন্য জায়গায় কর্মসূচি করার কথা বলেছে কলকাতা হাইকোর্ট।
আদালত বিজেপির সংগঠনকে জানিয়েছে, হাজার জনের বদলে দু'শো জনকে কর্মসূচি করা যাবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, সেন্ট্রাল পার্কের কাছে অবস্থান করা যাবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে আয়োজকদের। সেখান থেকে পাঁচজন প্রতিনিধি গিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে স্মারকলিপি জমা দিয়ে আসতে পারবেন।
মুর্শিদাবাদ, ভাঙড় সহ নানা জায়গার ঘটনার উল্লেখ করে বিজেপি অভিযোগ করেছিল যে, বাংলায় হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। নানা প্রান্তে তাঁরা অত্যাচারিত। আর এই নিয়ে পুলিশ-প্রশাসনের কোনও পদক্ষেপ নেই। সেই পরিপ্রক্ষিতেই রাজ্য মানবাধিকার কমিশনের অফিস ঘেরাও করে তাঁদের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির।
তবে তার অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তাঁরা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এত লোক নিয়ে কর্মসূচি অনুমতি দিল না। তবে শর্তসাপেক্ষে যে অনুমতি দেওয়া হয়েছে তা মেনেই কর্মসূচি করবে বিজেপি।