
শেষ আপডেট: 5 April 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো: ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএ-কে, শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একের পর চিঠি পাঠিয়েছেন আইনজীবীরা। কিন্তু নির্দেশ কার্যকরে কেন্দ্র কোনো পদক্ষেপ না করায় শুক্রবার শুনানির সময়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত।
এদিন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, হাই কোর্টের নির্দেশ তিনি চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছিলেন। কিন্তু সেই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি। এরপরই অসন্তুষ্ট হয়ে বিচারপতি বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু কেন্দ্রের আইনজীবীরা নন, এএসজি গত ফেব্রুয়ারি মাসে নিজে চিঠি লিখে নির্দেশ কার্যকরের জন্য সুপারিশ করেছেন। তারপরেও স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো উদ্যোগ দেখা যায়নি। ”একইসঙ্গে এদিন ২৪ এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
প্রসঙ্গত, গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপির কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইঞা। অভিযোগ ওঠে, বিজয়কৃষ্ণর স্ত্রী ও ছেলের সামনে থেকে মারধর করে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতী। পরে বাড়ির কাছেই বিজয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার ৩৪ জন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। বিজেপি কর্মী খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রথমে বিজেপি নেতা খুনের মামলায় এসডিপিও-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন চারপতি রাজাশেখর মান্থা।
সংশ্লিষ্ট মামলাটিতে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযুক্তদের নামও বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই গত ফেব্রুয়ারি মাসে মামলাটিতে এনআইএ-কে যুক্ত করে হাইকোর্ট। নিয়ম অনুযায়ী, কোনও মামলার তদন্ত এনআইএ-কে দিয়ে করাতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতির প্রয়োজন হয়। অভিযোগ, আদালতের নির্দেশের পরেও এই মামলায় এনআইএ তদন্ত নিয়ে কিছু জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
উচ্চ আদালতের নির্দেশের পরও কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট হন বিচারপতি। শেষমেশ বিজেপি কর্মী খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।