
কমিটিকে প্রশ্ন পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
শেষ আপডেট: 24 April 2024 12:50
দ্য ওয়াল ব্যুরো: এসএসসির পর প্রাথমিকের টেটেও ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ! এবার টেটের প্রশ্নপত্রে সত্যিই ভুল ছিল কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটিকে প্রশ্ন পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
২০১৭ সালের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় ২১টি প্রশ্নে ভুল ছিল বলে অভিযোগ ওঠে। প্রশ্ন ভুল থাকলে সকলকে ওই ২১ টি প্রশ্নের প্রাপ্য নম্বর দিতে হবে, এই দাবিতে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। বুধবার সংশ্লিষ্ট মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হয়।
২০১৭ সালের প্রাথমিকের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরীক্ষা হয় ২০২১ সালে। সেই টেট পরীক্ষায় ২১ টি প্রশ্ন ভুল ছিল, এই মর্মে মামলা দায়ের হয়। এদিন সেই মামলাতে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে নির্দিষ্ট প্রশ্নগুলি ঠিক ছিল কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কমিটির রিপোর্ট দেওয়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে উচ্চ আদালত।
গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন স্কুলে কর্মরত ২৫,৭৫৩ জন। আদালতের রায়ে কার্যত মাথায় হাত পড়েছে বহু শিক্ষক-শিক্ষিকার। ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের নির্দেশে প্রাথমিকের টেটের প্রশ্নে ভুল ছিল কি না তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের দক্ষ শিক্ষক থাকবে কমিটিতে। তাঁদের প্রত্যেককে ভুল প্রশ্নের একটি করে উত্তর নির্ধারিত করতে হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে সংশ্লিষ্ট মামলায় টেটের প্রশ্ন ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি মান্থা। সেই প্রেক্ষিতেই যে যে প্রশ্ন ভুল বলে দাবি করা হয়েছে সেগুলি বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে যাচাই করার নির্দেশ বিচারপতির। আগামী এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট দিতে হবে। জুন মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। হবে।