
বিচারপতি অমৃতা সিনহা
শেষ আপডেট: 22 November 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো: মন্দারমণিতে হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এনজিটি'র নির্দেশ কার্যকর করতে মন্দরমণির সমুদ্রের পাড় থেকে হোটেল-রিসোর্ট ভাঙার যে নোটিস পূর্ব মেদিনীপুরের জেলাশাসক দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দিয়েছে আদালত। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
কেন্দ্রীয় পরিবেশ আদালতে মন্দারমণির হোটেল নিয়ে একাধিক অভিযোগ করা হয়েছিল। উঠেছিল বেআইনি হোটেলের ইস্যুও। তার প্রেক্ষিতেই মন্দারমণির ১৪০টি হোটেল ভেঙে ফেলা হবে বলে নোটিস জারি করেছিল জেলা প্রশাসন। কিন্তু সেই বিষয় নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানান, মন্দারমণিতে কোনও বুলডোজার চলবে না। তারপরই শুক্রবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে।
শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মামলার সব পক্ষকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে এই রিপোর্ট জমা দিতে হবে। ফলে আপাতত স্বস্তিতে ওইসব হোটেল মালিকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের নির্দেশ শোনার পরই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রশাসনের এক কর্তার কথায়, মুখ্যসচিবের সঙ্গে আলোচনা না করে জেলা প্রশাসন একতরফাভাবে কী করে এত বড় সিদ্ধান্ত নিল, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন তিনি। অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশও দেন।
মন্দারমণির হোটেলগুলি নিয়ে ঠিক কী অভিযোগ? দাবি করা হয়েছে, সমুদ্রের পারে হোটেল বা রিসর্ট বানাতে গিয়ে অনেকেই নিয়মের পরোয়া না করে মনমতো বেআইনি নির্মাণ তৈরি করছেন। এই কারণেই কুপ্রভাব পড়ছে পরিবেশে।