.webp)
শেষ আপডেট: 8 April 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: ভূপতিনগরের বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলায় পুলিশের রিপোর্টে ক্ষুদ্ধ কলকাতা হাইকোর্ট। অভিযুক্তরা হাইকোর্টের রক্ষাকবচ পেলে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, পুলিশের এই রিপোর্টের পরিপেক্ষিতে সোমবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। রিপোর্টের ব্যাখ্যা তলব করে ভূপতিনগর থানার ওসিকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় তপন মিদ্দা সহ ২০ জন বিজেপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত বিজেপি নেতারা। সংশ্লিষ্ট মামলাটিতে এদিন রিপোর্ট পেশ করে পুলিশ।
রিপোর্টে পুলিশ জানিয়েছে, ভূপতিনগর বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের রক্ষাকবচ পেলে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। পুলিশের রিপোর্টের পরিপেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য “ওসিকে বলতে হবে আদালতের রক্ষাকবচের ফলে কবে কোথায় কোন নির্বাচন বানচাল হয়েছে ? এই ধরনের রিপোর্ট লেখার সাহস পেলেন কী করে ওসি ?” আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভূপতিনগর থানার ওসিকে এই রিপোর্টের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত।
আগামীকাল মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। মঙ্গলবার পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া আইনি পদক্ষেপ করতে পারবে না, এদিন মৌখিক নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্ত।