
শেষ আপডেট: 24 November 2023 11:31
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ অবমাননা করার অভিযোগ উঠেছিল রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বিরোধীদের আনা জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে গত অক্টোবরে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট। আদালতের সেই নির্দেশ মেনে শুক্রবার সকাল ১০ টা নাগাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
আদালত সূত্রের খবর, রুলের উত্তর দিতে এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানান রাজীব কুমার। ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনারের আবেদন গ্রহণ করেছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাঁকে রুলের উত্তর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
পঞ্চায়েত ভোটের সময়ে বার বার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তাঁকে ভর্ৎসনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বাংলায় পঞ্চায়েত রক্তপাতের দায় পুরোপুরি নির্বাচন কমিশনারের বলে মন্তব্য করেছিলেন রাজ্যপাল।
বিষয়টি এখানেই থেমে ছিল না। পঞ্চায়েত ভোটে ৮০০-র বেশি কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সেই মোতায়েন যথাযথ করার জন্য বিএসএফের এক আইজি পদমর্যাদার অফিসারকে নোডাল অফিসার করা হয়েছিল। কিন্তু ওই বিএসএফ কর্তা অভিযোগ করেন, ভোটের দিন দুপুর পর্যন্ত স্পর্শকাতর বুথের তালিকা তাঁকে দেওয়া হয়নি।
এরপরই রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্য নির্বাচন কমিশনরের এই ভূমিকায় যারপরনাই অসন্তুষ্ট আদালত গত অক্টোবরে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল।