
আনারুল হোসেন
শেষ আপডেট: 19 November 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো: সামনেই মেয়ের বিয়ে। সে কারণে সাত দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হল বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনের। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করলেও পরিষ্কার জানিয়ে দিয়েছে, ২৭ নভেম্বরের মধ্যে জেলে ফিরতে হবে তাকে।
২৪ নভেম্বর আনারুলের মেয়ের বিয়ে। সে জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিল জেলবন্দি আনারুল। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি ছিল।
এদিন বহিষ্কৃত তৃণমূল নেতার আইনজীবীর দাবি, আগামী ২৪ নভেম্বর আনারুলের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বাবা হিসাবে সেখানে মক্কেলের থাকা অত্যন্ত জরুরি। এরপর আবেদনের ভিত্তিতে আনারুলের সাত দিনের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।
২০২২ সালের ২২ মার্চ সন্ধেয় বগটুই গ্রামের মোড়ে দাঁড়িয়ে থাকার সময় বোমার আঘাতে মৃত্যু হয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ভাদু শেখের। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তিনি খুন হয়েছিলেন বলে অভিযোগ। সেই রাতেই ঘটে নারকীয় বগটুই গণহত্যা। বাড়ির দরজায় বাইরে থেকে তালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জানা যায় বাড়ি থেকে পালানোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় আটজনের। পরে হাসপাতালে আরও একজন মারা যান। নিহতদের পরিবার তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি আনারুলকেই কাঠগড়ায় তোলে।
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুইতে পৌঁছে আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে মামলার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দুবছরের বেশি সময় জেলবন্দী থাকলেও মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হল।