
শেষ আপডেট: 10 January 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুজয়কৃষ্ণ ভদ্রর স্বস্তি মিলল না। সুজয়কৃষ্ণ রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে কালীঘাটের কাকু নামে পরিচিত হয়েছে। গত ৩ ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানির পর কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরদিনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। আর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। মামলার সিদ্ধান্ত নেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ।
দীর্ঘদিন ধরে নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে চলছে টালবাহনা। শেষ পর্যন্ত গত ৩ ডিসেম্বর প্রায় মধ্যরাতে জোকার ইএসআই হাসপাতালে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারপর ভোর বেলা তাঁকে ফেরানো হয় এসএসকেএম হাসপাতালে। পরদিন বেলা গড়াতেই সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন।
বুধবার সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। তবে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।
এদিন হাইকোর্টে ইডির আইনজীবী সওয়ালে জানান যে প্রতি পদে তাঁদের তদন্তে বাধা দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে সন্দেশখালির ঘটনারও উল্লেখ করে ইডি। শুধু তাই নয়, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কী ভুল রয়েছে সেই প্রশ্নও তোলেন ইডির আইনজীবী। এরপরেই বিচারপতি সৌমেন সেন গোটা বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন৷
হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, জয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একইসঙ্গে কন্ঠস্বর সংগ্রহ করলেও ইডি তা প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারে কিনা না, সেবিষয়ে সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চ।
ইডির অফিসারদের দাবি, সুজয়কৃষ্ণের প্রায় সব বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। কলকাতার একটি বড় রিয়েল এস্টেট সংস্থার সঙ্গেও ভালমতো লেনদেন হয়েছে। তার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। সেই মানি ট্রেলের সন্ধান পাওয়ার পর আয়কর দফতরও এখন তা খতিয়ে দেখছে।