
শেষ আপডেট: 10 October 2023 19:02
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনীয় নথি জমা না পড়লে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
ডিভিশন বেঞ্চ ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সম্পত্তির হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিন সন্ধেয় ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁরা অভিষেকের কাছ থেকে কোনও কপি পাননি। তবে ভায়া ই-মেইলে অভিষেক কিছু পাঠিয়েছেন কিনা, সেটা তাঁরা পরে জানতে পারবেন।”
এরপরই বিচারপতি জানান, আজ মঙ্গলবারের মধ্যে অভিষেকের কাছ থেকে কোনও নথি না এলে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ করতে পারে ইডি।
গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। সেদিন দিল্লিতে কর্মসূচী থাকায় হাজিরা দিতে পারেননি অভিষেক। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংয়ের একক বেঞ্চও বলেছিল ৩ অক্টোবর মঙ্গলবার তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তার ব্যবস্থা করতে হবে। অভিষেক অবশ্য নির্দিষ্ট দিনে ইডির দফতরে যাননি। বদলে তিনি সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয়কুমারের বেঞ্চে যান।
অভিষেক আদালতকে বলেছিলেন, বেঞ্চ ওই নির্দেশ দিতে পারে না। পরে অভিষেকের সেই আবেদনের শুনানি হয় ডিভিশন বেঞ্চে। সেখানেই লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১০ অক্টোবরের মধ্যে তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। ‘অভিষেককে ওই দিনই অর্থাৎ ১০ অক্টোবরের মধ্যে সব নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তার পর তাঁকে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না বলেও জানিয়েছিল ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে উঠে আসে অভিষেকের নাম। সেই সূত্রেই সামনে আসে তাঁর কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের নাম।