
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 22 May 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট আদালতের নির্দেশে বাতিল হতে চলেছে। যদিও ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগপ্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাঁদের চাকরি বহাল থাকবে। বাকিরা আর চাকরিপ্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না, এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।
বুধবার ওবিসি সংরক্ষণ মামলায় হাইকোর্টে ধাক্কা গেল রাজ্য। ১৪ বছর পর মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলায় ২০১২ সালের ওবিসি সংরক্ষণ তালিকা বেআইনি বলে জানিয়ে দিল উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৯৯৩ সালের ওবিসি সংরক্ষণ আইন অনুসারে রাজ্যকে নতুন করে তালিকা তৈরি করতে হবে। সেই নতুন তালিকা তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন।
২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, এই প্রেক্ষাপটেই এদিন প্রায় ৫ লক্ষ শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতিদ্বয় এই রায় ঘোষণা করে জানিয়েছেন, এরপর কারা ওবিসি সংরক্ষণের আওতায় থাকবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের ওবিসিদের তালিকা বিধানসভাকে পাঠাতে হবে। এরপর বিধারসভা যাঁদের নাম অনুমোদন দেবে পরবর্তীকালে তাঁরাই ওবিসি বলে গণ্য হবেন।’
এদিকে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকেই ২০১০ সালের পর তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট কাজে লাগিয়েছেন। তাই হাইকোর্টের রায়ের পর তাঁদের চাকরির ভবিষৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সেই উত্তরও দিয়েছে হাইকোর্ট। প্রায় ৫ লক্ষ শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।