
শেষ আপডেট: 9 October 2023 14:11
দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুর আইআইটির ছাত্র ফাইজান আহমেদের রহস্য মৃত্যুতে তদন্তের অগ্রগতি জানতে চাইল হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলায় পড়ুয়ার মৃত্যুর রহস্যের কিনারা করতে সিট গঠন করেছিল হাইকোর্ট। আর সেই তদন্ত কতদূর এগিয়েছে সেবিষয়ে সোমবার জানতে চায় উচ্চ আদালত।
বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সোমবার মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, সংশ্লিষ্ট মামলা বিষয়ে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে বারে বারে নোটিস পাঠানো হয়েছে। কিন্তু কখনোই রাজ্যের তরফে কোনও সদুত্তর মেলেনি। সোমবারও মামলাটিতে হাজির ছিলেন না রাজ্যের অ্যাডভোকট জেনারেল। তাই আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফের নোটিস পাঠানোর নির্দেশ উচ্চ আদালতের।
প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হলের একটি ঘর থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারের তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদের দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু হল ফাইজানের, সেই নিয়ে রহস্য দানা বাঁধে। পরিবারের লোকজন খুনের অভিযোগ তোলেন। ঘটনার তদন্ত শুরু করে খড়গপুর টাউন থানার পুলিশ। মামলা হয় হাইকোর্টে।
আত্মহত্যা না খুন, খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেই জন্য অজয় গুপ্তর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করে তদন্ত করতে বলেন বিচারপতি রাজাশেখর মান্থার। হাইকোর্ট বিশেষজ্ঞ কমিটির এই রিপোর্টকে আলাদা গুরুত্ব দিয়েছিল। হাইকোর্ট ফাইজানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তেরও নির্দেশ দেয়। প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আইপিএস অফিসার কে জয়রামনের নেতৃত্বে সিট গঠন করেছিল। সে সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে জয়রামণকে রাখলেও তদন্তকারী দলের বাকি সদস্যদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সিটে কিছু পরিবর্তনের পর তদন্ত শুরু হয়।