
শেষ আপডেট: 24 November 2023 14:33
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৯নভেম্বর শনিবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে বিজেপি। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এর আগে একই নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।
তবে সভার অনুমতির পাশাপাশি আয়োজনকারীদের উদ্দেশে বেশ কিছু শর্ত জারি করেছে আদালত। আদালতের তরফে মোট ১৮টিশর্ত দেওয়া হয়েছে। সেই শর্ত না মানলে সভার আয়োজনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
এর আগে এবিষয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। যদিও জনবহুল এলাকায় কাজের দিনে সভা নিয়ে আপত্তি জানিয়ে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতে বিজেপির তরফে দাবি করা হয়, ধর্মতলায় প্রতিবছর তৃণমূলের ২১ জুলাই কর্মসূচি পালিত হয়। সেক্ষেত্রে পুলিশ অনুমতি দিলে এক্ষেত্রে দেওয়া হবে না কেন?
আদালতে রাজ্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, "ভিক্টোরিয়া হাউস হচ্ছে কলকাতা ইলেকট্রক সাপ্লাই করপোরেশনের অফিস। তিন রাস্তার সংযোগস্থল। ২১ জুলাই ১৯৯৩ তৎকালীন কংগ্রেস ভোটার পরিচয় পত্র প্রদানের দাবিতে আন্দোলন করেছিল। সেই আন্দোলনে প্রায় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই দিনটি উদযাপন করে। এ ছাড়া আলাদা কোনো বিষয় নেই ওই স্থানে শাসক দলের সভা করার।"
প্রধান বিচারপতি বলেন, "আমি বিগত দুবছর ধরে দেখছি কলকাতার বিভিন্ন রাস্তায় মিটিং মিছিল করা হয়। একটা রাস্তায় অনুমতি না পেলে অন্য রাস্তায় করা হয়। এতে সাধারণ মানুষের অসুবিধা হয়। কিন্তু এটাই এই রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য। শুধু রাজনৈতিক দল নয়। বিভিন্ন অরাজনৈতিক সংগঠনও করে।"
এরপরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, "অহেতুক জটিলতা সৃষ্টি করা হচ্ছে। নানা রকম অজুহাত দিয়ে সভা আটকানোর চেষ্টা। রাজনীতির তাস না খেলে কিছু যুক্তিগ্রাহ্য শর্ত দিয়ে মিছিলের অনুমতি দিয়ে দিলেই তো মিটে যেতো।"
এরপরই বিজেপিকে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করার অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে যেহেতু এই ধরনের জনসমাবেশে ট্রাফিক ব্যবস্থার অবনতি হয় তাই পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে যুক্তিসঙ্গত কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে বলে জানিয়েছে আদালত। আদালত সূত্রে জানা গেছে, মোট ১৮ দফা শর্ত আরোপ করা হয়েছে। তা না মানলে আয়োজনকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।