দ্য ওয়াল ব্যুরো: একুশ সালের মধ্যে গোটা দেশে নতুন আরও ৭৫টি মেডিক্যাল কলেজ খোলার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা।
বুধবার বিকেলে মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে এ ব্যাপারে প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। তাতে বলা হয়, জেলা স্তরে হাসপাতালগুলির মানোন্নয়ন করে, সেখানে মেডিক্যাল কলেজ শুরু করা হবে। এ জন্য সরকারের খরচ হবে ২৪ হাজার ৩০০ কোটি টাকা।
প্রশ্ন হল, কোন কোন জেলায় এই মেডিক্যাল কলেজগুলি তৈরি হবে। গোটা দেশে ৬০০-র বেশি জেলা রয়েছে। অর্থাৎ গড়ে প্রতি আটটা জেলার মধ্যে একটির ভাগ্যে শিকে ছিঁড়বে। এও প্রশ্ন, এই প্রকল্পের সুবিধা বাংলা পাবে কি?
মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, যে সমস্ত জেলা হাসপাতালে অন্তত ২০০টি শয্যা রয়েছে, সেগুলিকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ প্রকল্পের আওতায় যে জেলাগুলি রয়েছে তারা অগ্রাধিকার পাবে।
তাৎপর্যপূর্ণ হল, কেন্দ্রের এই ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ প্রকল্পে বাংলার পিছিয়ে পড়া পাঁচটি জেলা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাকে এই প্রকল্প থেকে প্রত্যাহার করে নেয়। সে দিক থেকে পিছিয়েই গেল পশ্চিমবঙ্গ।
তবে, মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা এখন সর্বভারতীয় স্তরে হয়। সুতরাং, ১৬ হাজার আসন বাড়লে বাংলার ছেলেমেয়েরাও সুবিধা পাবে। প্রকাশ জাভড়েকর এ দিন বলেন, ১৩০ কোটি জনসংখ্যার দেশে এখনও চিকিৎসকের সংখ্যা পর্যাপ্ত নয়। গ্রামাঞ্চলে ঘাটতি রয়েছে। সামগ্রিক ভাবে সেই ঘাটতি মেটাতে সরকার এই সিদ্ধান্ত নিল।