
শেষ আপডেট: 24 September 2022 13:16
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে শত মাইল দূরে লর্ডসের মাঠে খেলছেন তিনি। এই ম্যাচ খেলেই ক্রিকেট জীবনের ইতি টানতে চলছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বাঙালি কন্যার এই আবেগের মুহূর্ত ফ্রেমে বেঁধে রাখতে চেয়েছিল ক্রিকেটের নন্দন কানন (Eden Garden)। শনিবার ভারত-ইংল্যান্ডের (India vs England) তৃতীয় একদিনের ম্যাচ দেখানো হচ্ছে এলগিন রোডে আইনক্স ফোরামে।
চাকদহ থেকে লর্ডস, স্বপ্নের উড়ান শেষ করতে চলেছেন ঝুলন। বাংলা ক্রিকেটে তাঁর অবদান এককথায় অবিস্মণীয়। ক্রিকেট প্রেমীদের মনে ঝুলনের নাম গেঁথে দিতে চায় বাংলার ক্রিকেট বোর্ড। সেই কারণেই ঝুলনের নামে ইডেনের একটি স্ট্যান্ডের নামকরণ করার সিদ্ধান্ত নিল সিএবি (CAB)।
এদিকে, দক্ষিণ কলকাতার আইনক্সে ঝুলনের শেষ ম্যাচ দেখতে উপস্থিত হয়েছেন ১৭০ জন মানুষ। তাঁদের মধ্যে আছেন যেমন উদীয়মান ক্রিকেটার, তেমনই আছেন সিএবি কর্তারা। এই প্রতিবেদন লেখার সময় অবধি বল হাতে নামেননি ঝুলন। তাঁর বোলিং দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন ভারতবাসী।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এদিন বলেন, "আমরা ইডেন গার্ডেনে একটি স্ট্যান্ড ঝুলন গোস্বামী নামে করার পরিকল্পনা নিয়েছি। তিনি একজন মহান ক্রিকেটার। আমরা প্রয়োজনীয় অনুমতির জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করব।"
তিনি আরও বলেন, "আমরা মহিলা ক্রিকেটকে সমান গুরুত্ব দিই। ঝুলনের কৃতিত্ব থেকে তাঁরাও অনুপ্রাণিত হবেন বলে আশা রাখছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন ঠিকই, কিন্তু আমরা আশা রাখব তিনি আইপিএল খেলবেন।"
সিএবির সেক্রেটারি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "ঝুলন একজন কিংবদন্তি ক্রিকেটার। তিনি মহিলা ক্রিকেটে বিশেষ করে ফাস্ট বোলিংয়ে বিপ্লব ঘটিয়েছেন। আমরা তাঁকে বাংলার মহিলা ক্রিকেট দলের মেন্টর বানিয়েছি। তাঁর মূল্যবান পরামর্শ পেতে চাই আমরা।"
৪৫ বছর আগে এইদিনে ইডেনে খেলেছিলেন পেলে, স্মৃতির সরণিতে হাঁটলেন প্রসূন-সুব্রতরা