দ্য ওয়াল ব্যুরো : কর্ণাটকে তিনটি লোকসভা ও দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে শনিবার । একদিকে জনতা দল সেকুলার ও কংগ্রেস জোট অন্যদিকে বিজেপি । দুই প্রতিদ্বন্দ্বীর শক্তিপরীক্ষা হবে এই নির্বাচনে । কয়েকমাস আগে কংগ্রেসের সহায়তায় কর্ণাটকে ক্ষমতায় এসেছেন জেডিএসের এইচ ডি কুমারস্বামী । সেই জোট এতদিন থাকবে কিনা সন্দেহ ছিল অনেকের । মূলত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার চেষ্টায় অটুট আছে দুই দলের ঐক্য ।
এদিনের ভোটে মান্ড্য ও শিবমোগা লোকসভা ও রামনগর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন জে ডি এসের প্রতিনিধি। কংগ্রেস লড়ছে বল্লারি লোকসভা ও জামখান্ডি বিধানসভা ভোটে ।
রামনগরে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর স্ত্রী অনীতা কুমারস্বামী । তাঁর বিরুদ্ধে ছিলেন বিজেপির এল চন্দ্রশেখর । তিনি কিছুদিন আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন । গত বিধানসভা ভোটে কুমারস্বামী দুটি কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, চান্নাপাটনা ও রামনগর। দুটি কেন্দ্রে জেতার পরে তিনি রামনগর আসনটি ছেড়ে দেন । সেখানে তাঁর স্ত্রী দাঁড়িয়েছেন ।
২০১৪ সালে শিবমোগা লোকসভা আসনে জিতেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । তিনি বিধানসভা ভোটের আগে ইস্তফা দিয়ে শিকারিপুরা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । ওই আসনে কর্ণাটকের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে লড়াই করছেন ।
বিজেপি দাঁড় করিয়েছে ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই রাঘবেন্দ্রকে । জেডিএসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বঙ্গারাপ্পার ছেলে মধু বঙ্গারাপ্পা । জনতা দল ইউনাইটেড এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জে এইচ প্যাটেলের ছেলে মহিমা প্যাটেল এখানে দাঁড়িয়েছেন ।
পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষিত হবে ৬ নভেম্বর ।
ভোটদান শুরু হয়েছে সকাল সাতটা থেকে । চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত । ৫৪ লক্ষ, ৫৪ হাজার ২৭৫ জন ভোট দেবেন । মোত ৬৪৫০ কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে ।