
শেষ আপডেট: 2 April 2022 06:13
দ্য ওয়াল ব্যুরো: গতকাল দাম না বাড়লেও শনিবার ফের জ্বালানি তেলের দাম বেড়েছে। লাগাতার দাম বাড়ার জেরে বাজারে অগ্নিমূল্য। এদিন পেট্রলের দাম না বাড়লেও ডিজেলের দাম বেড়েছে। প্রায় সেঞ্চুরি ছুঁইছুঁই। রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে একলাফে অনেকটাই। নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তদের। এই মূল্যবৃদ্ধির প্রভাব এভাব সরাসরি পড়তে চলেছে গণ পরিবহণে (Bus Fare)।
মধ্যবিত্তদের উৎকণ্ঠা বাড়িয়ে বাস ভাড়া (Bus Fare) যেমন ইচ্ছে তেমন নেওয়ার অভিযোগ উঠছে। এমনিতেই করোনার পর বাস মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। দাবি, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে দাম বাড়াতে বাধ্য হয়েছেন তাঁরা। কিন্তু সরকারের তরফে বারবার দাম না বাড়ানোর কথা বলা হচ্ছে।
কিন্তু, কে শুনছে কথা? যাত্রীদের অভিযোগ, বাসে উঠলেই এখন কমপক্ষে ১০ টাকা গুনতে হচ্ছে। আর সর্বোচ্চ? তার কোনও লাগাম নেই। যেমন ইচ্ছে তেমন দাম নিচ্ছেন কন্ডাক্টাররা।
এদিকে লোকসান এড়াতে রাস্তায় বাসই নামাতে চাইছেন না অনেক বেসরকারি বাস মালিক। রাস্তায় বাস কম থাকার সুযোগে কিছু বাস ইচ্ছেমতো ভাড়া হাঁকাচ্ছে, বলে অভিযোগ।
আর এখন? লাগাতার কয়েক দফায় পেট্রল-ডিজেলের দাম বাড়ায় লাগামহীন ভাড়া নিচ্ছে বাসে। যাত্রীদের অভিযোগ, ১০ টাকা ভাড়াও এখন ১২-এর নীচে নিচ্ছে না অনেক সময়। কন্ডাক্টারদের বক্তব্য, যেতে হলে যান, না হলে নেমে যান। রাস্তায় বাস কম থাকায় অগত্যাই বেশি ভাড়া দিয়েই বাসে চড়তে হচ্ছে যাত্রীদের।
যাত্রীদের কথায়, অভিযোগ থাকলেও জানাবে কাকে? কে শুনবে কথা? যাত্রীদের একাংশের বক্তব্য, সরকার তো নিজের মত বলেই খালাস, এদিকে রাস্তায় বেরোলে যা ইচ্ছে ভাড়া নেওয়া হচ্ছে। এইসব দিকে নজর দেবে কে?
বাস মালিক সংগঠনের দাবি, সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তের অটল। এই পরিস্থিতিতে আমাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। অনেক বাসই লোকসান এড়াতে রাস্তায় নামানো হচ্ছে না। আমরাই বা কী করব?
জ্বালানির দামে রেকর্ড, অগ্নিমূল্য পেট্রল-ডিজেল, এই নিয়ে ১২ দিনে ১০ বার