দ্য ওয়াল ব্যুরো : দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস টু এলাকার এক অভিজাত বাড়ির বেসমেন্ট থেকে মিলল প্রৌঢ়ের পোড়া দেহ। মৃতের বয়স ৫৬। পুলিশ ওই বাড়ির নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধায় দেহটি উদ্ধার হয়। মৃতের নাম সরনাম সিং। তাঁর বাড়ি ছিল উত্তরপ্রদেশের মৈনপুরি জেলায়। তিনি ওই অঞ্চলের অন্য একটি বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। শুক্রবার দুপুরে দক্ষিণ দিল্লির সি আর পার্ক থানায় ফোন করে এক অজ্ঞাতপরিচয় খুনের কথা জানান। পুলিশ নির্দিষ্ট বাড়িতে পৌঁছে তার গ্যারাজে ইমরত সিং নামে এক ব্যক্তিকে দেখতে পায়। তাঁরও বয়স ৫৬। বাড়ি মধ্যপ্রদেশের দামো জেলায়। তিনি পুলিশকে দেখেই বলেন, আমি মদ খেয়ে একজনকে খুন করেছি। পুড়িয়ে দিয়েছি তার দেহ।
রাজধানী দিল্লি যখন কোভিড ১৯ মোকাবিলায় হিমসিম খাচ্ছে, এমন সময়েই এই অপরাধের কথা প্রকাশ্যে এল। শুক্রবার দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৩৭ জন। শহরে এখন আক্রান্তের সংখ্যা ৩৬ হাজারের বেশি।
গত সপ্তাহে শোনা যায়, দিল্লির পথে এক পাইলট ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। রাতে স্পাইসজেটের ওই পাইলটকে ১০ জন দুষ্কৃতী ঘিরে ফেলে। বন্দুক দেখিয়ে তাঁর থেকে দামি জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। তাঁকেও ছুরি মারা হয়। অভিযোগ, ছিনতাইকারীদের ওই গ্যাং এর আগেও রাতে অনেককে টার্গেট করেছে।