দ্য ওয়াল ব্যুরো : দিল্লিতে বিধানসভা ভোটের ঠিক আগে ফের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের কাছে গুলি চালাল দুই দুষ্কৃতী। শাহিনবাগের মতো দিল্লির জাফরাবাদ নামে আর একটি জায়গাতেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান চলছে। শুক্রবার সেখানে বাইক চড়ে হানা দেয় দুই দুষ্কৃতী। শূন্যে চার রাউন্ড গুলি চালায়। তারপর পালিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী গুলি চালানোর কথা জাফরাবাদ পুলিশকে জানান। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। ওই ঘটনায় কেউ আহত হয়নি।
যেখানে বিক্ষোভ চলছিল, সেখান থেকে ৪০০ মিটারের মধ্যে গুলি চালানো হয়। তবে পুলিশের দাবি, ব্যক্তিগত শত্রুতার জন্যই দুই দুষ্কৃতী গুলি চালিয়ে থাকতে পারে।
এই নিয়ে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের কাছে চারবার গুলি চলল। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁদের ভয় দেখানোর জন্যই গুলি চালানো হয়েছে। ৩০ জানুয়ারি জামিয়া নগরে এক কিশোর গুলি চালায়। তাতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হন। ১ ফেব্রুয়ারি কপিল গুজ্জর নামে এক ব্যক্তি শাহিনবাগে বিক্ষোভস্থলের অদূরে গুলি চালায়। ৩ ফেব্রুয়ারি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে এক ব্যক্তি গুলি চালায়।