দ্য ওয়াল ব্যুরো : গদ্দারোঁ কো গোলি মারো...। দিল্লিতে ভোটের প্রচারে এমনই বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। গদ্দার বলতে তিনি বুঝিয়েছিলেন বিজেপির বিরোধীদের। ওই ধরনের হিংসাত্মক মন্তব্যের জন্য অনেকে অনুরাগের সমালোচনা করেন। এবার অনুরাগের পক্ষে দাঁড়ালেন কর্নাটকের মন্ত্রী সি রবি। মঙ্গলবার বিকালে টুইটারে তিনি লিখেছেন, “যারা অনুরাগ ঠাকুরের সমালোচনা করছে, তাদের বিরিয়ানি খাওয়ানো উচিত নয়। তাদের প্রাপ্য বুলেট।”
সি রবির অভিযোগ, বিরোধীরা মিথ্যা কথা বলছেন। তাঁদের তিনি বলেছেন, ‘টুকরে টুকরে গ্যাং’। তিনি লিখেছেন, “যাঁরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের সমালোচনা করছেন, তাঁরাই একসময় আজমল কাসব ও ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ডের বিরোধিতা করতেন। তাঁরা টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করেন। নাগরিকত্ব আইন সম্পর্কে অপপ্রচার করে। এককথায় তারা দেশদ্রোহী। তাদের বিরিয়ানি নয় বুলেট পাওয়া উচিত।”
https://twitter.com/CTRavi_BJP/status/1222075356955283456
এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “আমাদের দল যখন আতঙ্কবাদীদের হত্যা করছে, তখন কংগ্রেস তাদের খাওয়াচ্ছে বিরিয়ানি।” একটি সূত্রে শোনা গিয়েছিল, মুম্বই হামলায় অভিযুক্ত আজমল কাসবকে জেলে মাটন বিরিয়ানি খাওয়ানো হয়েছে। সেই প্রসঙ্গেই কটাক্ষ করেছিলেন যোগী। কর্নাটকের মন্ত্রী সেই ‘বিরিয়ানি নয় বুলেট’ মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন।
এর মধ্যে ‘গোলি মার দো’ স্লোগানের জন্য অনুরাগ ঠাকুরকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে, মন্ত্রী যে ভাষণ দিয়েছেন, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ৩০ জানুয়ারি বেলা ১২ তার মধ্যে তাঁর জবাব চাওয়া হয়েছে। যদি সেই জবাবে কমিশন সন্তুষ্ট না হয়, তাহলে তাঁর শাস্তি হতে পারে। এর আগে অপর বিজেপি নেতা কপিল মিশ্রকে ৪৮ ঘণ্টা প্রচার করতে নিষেধ করেছিল কমিশন। দিল্লিতে ভোট হবে ৮ ফেব্রুয়ারি। ফল প্রকাশ হবে ১১ ফেব্রুয়ারি।