দ্য ওয়াল ব্যুরো: শেয়ার বাজারে বুল রান অব্যাহত । ভাঙছে একের পর এক রেকর্ড । শুক্রবার দিনের শুরুতে সেনসেক্সের সূচক পৌঁছয় ৩৭, ৩২৫. ৬২-এর ঘরে । নিফটি সুচকও দিনের শুরুতে ১১, ১৬৭-র ঘরে পৌঁছয় । দিনের শুরুতে শেয়ার সুচক এত উঁচুতে পৌঁছয়নি আগে কখনও ।
সেনসেক্সের অধীনে থাকা যে শেয়ারগুলি এদিন লাভবান হয়েছে, সেগুলি হল আইটিসি, আইসিয়াইসিআই ব্যাঙ্ক, হিরো মোটর কর্পোরেশন, টাটা স্টিল এবং বাজাজ অটো । ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে আইটিসি-র লাভ বেড়ে দাঁড়িয়েছে ২৮১৯ কোটি টাকা । গত বছর একই ত্রৈমাসিকে আইটিসি-র লাভ হয়েছিল ২৫৬১ কোটি টাকা । মুনাফার হার বেড়ে যাওয়ার জন্যই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটি সুচকের অধীনে যে শেয়ারগুলির দাম বেড়েছে, তার মধ্যে আছে হিন্দালকো, আইটিসি, ইন্ডিয়া বুলস হাউসিং ফিন্যান্স, টাটা স্টিল ও হিরো মোটর কর্পোরেশন ।
হিন্দালকো ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, আমেরিকায় তাদের সংস্থার শাখা নভেলিস ইনকর্পোরেটেড ২৬০ কোটি টাকা দিয়ে অ্যালেরিস কর্পোরেশন নামে এক অ্যালুমিনিয়াম প্রসেসর সংস্থা কিনেছে । এর ফলে অ্যারোস্পেস শিল্পে নানা পণ্য সরবরাহ করতে তাদের সুবিধা হবে । এজন্যই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ।