
শেষ আপডেট: 5 May 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো: আজ শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima)। সেই উপলক্ষেই দেশ-বিদেশের ভিক্ষুরা এসে জড়ো হলেন কলকাতায় (Buddhist monks Conference)। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কলকাতার সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে ২দিন ব্যাপী বুদ্ধ জয়ন্তী পালনের আয়োজন করা হয়েছে। ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে এদিন ২৯ তম ধর্মীয় সম্প্রীতি ও বিশ্ব শান্তি সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী অরূপ রায়।
তিনি বলেন, সারা পৃথিবী জুড়ে গৌতম বুদ্ধ শান্তির ভাবনা প্রচার করেছিলেন। সেই ভাবনা আজও বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক।
এদিকে সম্মেলনে অংশ নেন মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল-সহ ১১টি দেশ থেকে আগত বৌদ্ধ ভিক্ষুরা। সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক ডক্টর বুদ্ধপ্রিয় মহাথের জানিয়েছেন, বর্তমান পৃথিবীতে বিশ্বজুড়ে তৈরি হওয়া হিংসার বাতাবরণ থেকে মুক্তি পেতে গৌতম বুদ্ধের আদর্শকে সামনে রেখেই মানুষকে এগিয়ে চলতে হবে।
একইদিনে কলকাতার টালিগঞ্জে করুণাময়ী ব্রিজ সংলগ্ন স্বামী প্রণবানন্দ উদ্যানে প্রতিষ্ঠিত হল ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের (Swami Pranavananda) বিশালাকার মূর্তি। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এই মূর্তি।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ মূর্তিটির উদ্বোধন করেছেন। স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং বিশ্বজুড়ে সমস্ত মানুষের মধ্যে সেবা ভাব ফুটিয়ে তোলাই সংঘের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

এদিন মূর্তি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন ধর্ম নিয়ে কোনও রাজনীতি নয়। তৃণমূল সরকার যে কথা দেয়, সেই কথা যে রাখে, স্বামী প্রণবানন্দ মহারাজের মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে তা ফের প্রমাণিত হল বলে দাবি করেছেন তিনি।
ছাত্রীকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত গৃহশিক্ষক! ১৪ বছর কারাদণ্ডের সাজা আদালতে