
শেষ আপডেট: 1 August 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhdeb Bhattacharya) শারীরিক অবস্থার (Health Condition) উন্নতি হয়েছে। আগের তুলনায় এখন অনেকটাই ভাল আছেন তিনি। তবে হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর রক্তে হিমগ্লোবিনের মাত্রা (Hemoglobin Range) প্রয়োজনের তুলনায় কিছুটা কম। তাই তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হচ্ছে।
শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেবকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। যদিও সোমবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে সরিয়ে আনা হয়।
চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু। শরীরে সংক্রমণ এড়াতে কড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তবে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটাও নজরে রাখছে মেডিক্যাল বোর্ড। জানা গেছে মঙ্গলবার চিকিৎসকদের সঙ্গে সামান্য কথাও বলেছেন বুদ্ধদেব। এমনকী চিকিৎসকদের কাছে বাড়ি যাওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
চিকিৎসকদের মতে, বুদ্ধবাবুর যেহেতু শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তাই তাঁর হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা প্রয়োজন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ১০-র কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এক ইউনিট রক্ত দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবারও তাঁকে রাইলস টিউবের মাধ্যমে খাওয়ানো হয়েছে। যদিও বুদ্ধবাবু আপত্তি জানিয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা এখনই কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
আরও পড়ুন: বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে গেলেন ঋতুপর্ণা! প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন আছেন